বাঁশখালীতে ডাকাতের গুলিতে গৃহকর্তার মৃত্যু
বাঁশখালী পৌর এলাকায় ডাকাতের গুলিতে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টায় ৮ নম্বর ওয়ার্ডের আসকরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জাফর (৬৫)। তিনি আসকরিয়া-পাড়ায় একটি টিনশেডের ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন। তাঁর বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদুর রহমান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ জাফর নামের এক ব্যক্তিকে আনা হয়। ১০টায় তাঁর মৃত্যু হয়।
নিহত ব্যক্তির স্ত্রী সাহারা খাতুন (৬০) জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তিনি টিন থেকে পড়তে থাকা বৃষ্টির পানি সংগ্রহ করছিলেন। হঠাৎ করে ৫ থেকে ৬ জন যুবক এসে প্রথমে তাঁর মুখ চেপে ধরে। এরপর বাড়িতে ঢুকেই তাঁর স্বামীর বা পায়ের ঊরুতে গুলি করে। এরপর ডাকাতেরা ৫০ হাজার টাকা এবং ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
সাহারা খাতুন অভিযোগ করেন, তাঁদের বেশ কিছু নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিল, যা পাশের দুই ভাড়াটে জানতেন। তিনি তাঁদের সন্দেহ করছেন।
তিনি আরও বলেন, তাঁরা নিঃসন্তান। ২০ দিন আগে আসকরিয়াপাড়ায় বাসা ভাড়া নেন। পাশে আরও ৪ পরিবার রয়েছে। তাঁর স্বামী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বর্তমানে কিছু করেন না।
পাশের এক ভাড়াটে নাজমা আক্তার বলেন, ‘গুলির শব্দ শুনেছি। ওনাকে রক্তাক্ত অবস্থায় কয়েকজন হাসপাতালে নিয়ে যাচ্ছিল। তখন তিনি চিৎকার করে বলছিলেন, “আমাকে গুলি মেরেছে।”’
এ ব্যাপারে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে দুই নারীসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। তাঁরা পাশের ভাড়াটে। তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ভাষ্য, পাশের দুই ভাড়াটের যোগসাজশে এই ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে ডাকাতি হওয়া টাকা ও স্বর্ণালংকার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রয়েছে।