বাঁশখালীতে দুই শিক্ষক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীতে নবম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের সৃজনশীল প্রশ্নপত্রে যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে এক নেতার সঙ্গে গণ্ডামারা বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলনের এক নেতার তুলনা করায় গতকাল মঙ্গলবার দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।

আটক দুই শিক্ষক হলেন বাঁশখালী নাসেরা খাতুন আর কে বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরুল ইসলাম ও বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দুকুল বড়ুয়া।

চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নবম শ্রেণির সৃজনশীল প্রশ্নপত্রে জাতির জনকের সঙ্গে গণ্ডামারা বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলনের নেতা লিয়াকত আলীর তুলনা হয়েছে বলে অনেকে অভিযোগ করেছেন। যদিও প্রশ্নপত্রে কারও নাম স্পষ্ট উল্লেখ ছিল না। এ কারণে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. হাবিবুর রহমান ও মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরাকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। তাঁরা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় আমি প্রশ্নপত্র তৈরির সঙ্গে জড়িত শিক্ষকদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি।’

প্রথম আলোর কাছে আসা প্রশ্নপত্রটি ছিল এ রকম, ‘কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পকে কেন্দ্র করে গণ্ডামারা গ্রাম আজ লণ্ডভণ্ড অবস্থা। যেদিকে তাকাই শুধু ধ্বংসযজ্ঞ। চেয়ারম্যান জনাব “এল” এ অবস্থা দেখে খুবই মর্মাহত হন। তিনি এ অবস্থা দেখে তার গ্রামবাসীকে রক্ষা করেন। অল্প সময়ের মধ্যে গ্রামবাসী ঘুরে দাঁড়াতে চেষ্টা করে এবং সফলকাম হয়। সকলে এক বাক্যে স্বীকার করে যে, জনাব “এল” এর জন্যই এটা সম্ভব হয়েছে।’

প্রশ্নপত্রে শিক্ষার্থীদের কাছে কিছু প্রশ্নের জবাব চাওয়া হয়। এর মধ্যে একটি হচ্ছে, ‘উদ্দীপকে উল্লেখিত নেতা জনাব “এল”-এর সাথে বাংলাদেশের কোন নেতার মিল রয়েছে?’ আরেকটি প্রশ্ন হলো, ‘যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে উক্ত নেতার গৃহীত পদক্ষেপগুলো পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।’

জেলা প্রশাসন সূত্র জানায়, এই প্রশ্নপত্রের ভিত্তিতে বাঁশখালী উপজেলার সব কটি হাইস্কুলে ১৭ জুলাই নবম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নপত্র বিলির পর বিষয়টি নিয়ে বাঁশখালীতে বিতর্কের ঝড় ওঠে। বিতর্কিত প্রশ্নপত্রে লিয়াকত আলীর পুরো নাম উল্লেখ না করে ইংরেজি আদ্যাক্ষরে চেয়ারম্যান জনাব ‘এল’ বলা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘তাহেরুল ইসলাম ও দুকুল বড়ুয়া নামের দুই শিক্ষককে আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করছি। তাহেরুল ইসলাম বাঁশখালী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এবং দুকুল বড়ুয়া শীলকূপ বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষক। ধর্মীয় শিক্ষক হয়ে দুকুল বড়ুয়া কেন নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রশ্নপত্র তৈরি করেছেন, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছি।’ তিনি বলেন, জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।