ডাকাত দলের হামলায় একই পরিবারের তিনজনসহ সাত ব্যক্তি আহত
বাঁশখালীতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব গুনাগরি ইউনিয়নে গত রোববার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।
এদিকে ওই ডাকাত দলের হামলায় একই পরিবারের তিনজনসহ সাত ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন নারী ও দুজন পুলিশের সদস্য। দুই পুলিশ সদস্য ছাড়া অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন পূর্ব গুনাগরি ইউনিয়নের বাবুল মেম্বারের বাড়ি এলাকার আবদুল করিম হেলাল, তাঁর স্ত্রী মোসাম্মৎ পাখি, ভাই মো. আবদুর রহিম, প্রতিবেশী মোসাম্মৎ সাহেদা ও মো. খালেক, পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ উল্লাহ ও কনস্টেবল আনোয়ার হোসেন। নিহত ব্যক্তির নাম জানাতে পারেনি পুলিশ।
বাঁশখালী থানার পুলিশ ও আহত ব্যক্তিদের ভাষ্যমতে, রোববার রাত একটার দিকে বাবুল মেম্বারের বাড়ি এলাকার আবদুল করিম হেলালের বসতঘরে কয়েকজন ডাকাত হানা দেয়। এ সময় তারা হেলালসহ তিনজনকে ধারালো অস্ত্র ও রড দিয়ে আঘাত করে। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতেরা ছররা গুলি ছোড়ে। এতে প্রতিবেশী সাহেদা ও খালেক আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবদুল করিম হেলাল প্রথম আলোকে বলেন, ঘটনার সময় বাড়ির সব সদস্য ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ছোট ভাই রহিমের চিৎকারে তিনি ও তাঁর স্ত্রী জেগে ওঠেন। ডাকাতের উপস্থিতি টের পেয়ে তাঁরা চিৎকার শুরু করলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা শুরু করে।
আহত মোসাম্মৎ সাহেদা বলেন, ‘ডাকাত’ ‘ডাকাত’ চিৎকার শুনে তাঁরা ঘর থেকে বের হন। ওই সময় হেলালের বাড়ির কাছে আরও লোকজন জড়ো হয়েছিলেন। ঘটনা জানার জন্য ওই বাড়ির দিকে এগোনোর সময় হঠাৎ একটা ছররা গুলি এসে তাঁর কানের নিচে লাগে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পালানোর সময় ডাকাত দল পুলিশ দেখে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলের এক সদস্য নিহত ও পুলিশের দুই সদস্য আহত হন। ওই ব্যক্তির লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।