বাঁশখালীতে বিএনপি নেতা খুনের সাড়ে পাঁচ মাস পর চার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আবুল বশর তালুকদার হত্যাকাণ্ডের প্রায় সাড়ে পাঁচ মাস পর চার আসামিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত শনিবার রাতে বরিশাল নগর ও বাবুগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব চাপাছড়ি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল কাদের (৫০), তাঁর স্ত্রী হাছিনা বেগম (৪৫), ছেলে মো. রিদুয়ান (২৪) ও জামাতা তৌহিদুল ইসলাম (২৪)।

চলতি বছরের ২১ মার্চ রাতে বাড়ি ফেরার পথে চাপাছড়া গ্রামে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আবুল বশরকে খুন করা হয়। এ ঘটনার পর বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চাপাছড়ি ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিনসহ ১২ জনকে আসামি করে নিহত ব্যক্তির স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে এক মাস আগে মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

এদিকে ঘটনার পর বাঁশখালী থানা-পুলিশ নাছির উদ্দিনকে গ্রেপ্তার করলেও ওই চার আসামি গ্রেপ্তার এড়াতে বরিশালে বাসা ভাড়া করে বসবাস শুরু করেন বলে জানিয়েছে পিবিআই।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের চট্টগ্রাম জেলা পরিদর্শক কাজী এনায়েত কবীর বলেন, বরিশাল থেকে চারজনকে গ্রেপ্তারের পর গতকাল আসামিদের আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।