বাঁশখালীতে সংঘর্ষ, নিহত ৪

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে কেন্দ্র সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে পাল্টাপাল্টি সমাবেশ ডাকা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গণ্ডামারা ইউনিয়নের চরপাড়ার আশরাফ আলী বাড়ির দুই ভাই মরতুজা আলী (৫৫) ও আনোয়ারুল ইসলাম (৪৪), একই ইউনিয়নের রহমানিয়া সিনিয়র মাদ্রাসার পূর্বপাশের বাওত্তার বাড়ির জাকের আহমদ (৬০)। এই তিনজন ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মো. জাকির হোসেন নামের একজন মারা যান।
ঘটনার বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র নিয়ে গ্রামবাসী পাল্টাপাল্টি সমাবেশ ডাকলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়িবহর আটকে দেয় বিদ্যুৎকেন্দ্রের বিরোধীপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। দুই পক্ষের সংঘর্ষে ব্যাপক গুলিবিনিময় হয়। এ ঘটনায় তিনজনের মৃত্যুর খবর শুনেছি।’ তিনি আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রের বিরোধীপক্ষের লোকজন পুলিশের গাড়িবহরে গুলি ছুড়লে বাঁশখালী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১১ জন গুলিবিদ্ধ হন। এর মধ্যে আনসারের একজন সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তিনজনের মরদেহ থানায় আনা হচ্ছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে একজন আনসার সদস্যসহ সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর মো. জাকেরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বেশ কয়েকজনকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আহতদের মধ্যে জাকেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পেটে গুলি লেগেছে। বাকিদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজন গুলিবিদ্ধ। তাঁদের এখনো আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
রাতেই তিনজনের মরদেহ বাঁশখালী থানায় নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে বাঁশখালী থানার সামনে পাটি মোড়ানো জাকের আহমেদ, মুর্তজা আলী ও আনোয়ারুল ইসলামের লাশ দেখা গেছে। আর জাকির হোসেনের মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে। এই চারজনের নিহত হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান।
রাতে বাঁশখালী সদরসহ বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকার বেশির ভাগ দোকানপাট বন্ধ। বিশেষ করে ঘটনাস্থল গণ্ডামারা এলাকায় বাইরে থেকে কোনো গেলে দূর থেকে টর্চ লাইটের আলোয় পরিচয় নিশ্চিত হচ্ছেন এলাকাবাসী।
রাত নয়টায় মরতুজা আলী ও আনোয়ারুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, দুই ভাইকে হারিয়ে পরিবারে মাতম চলছে। নিহত দুজনের বড় ভাই বদি আহমেদ প্রথম আলোকে জানান, তাঁর দুই ভাই লবণ মাঠে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বাঁশখালীর গণ্ডামারায় পশ্চিম বড়ঘোনায় দেশি-বিদেশি যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদ জানিয়ে আসছিল স্থানীয়দের একটি পক্ষ। গত ১৬ ফেব্রুয়ারি ১ হাজার ২২৪ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য এসএস পাওয়ার লিমিটেড ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে চুক্তি হওয়ার পর স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হলে পরিবেশ বিপর্যয় হবে ও বসতভিটা হারানোর শঙ্কা থেকে স্থানীয় বাসিন্দারা বসতভিটা রক্ষায় সংগ্রাম কমিটির ব্যানারে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদ জানিয়ে আসছিল। আবার বিদ্যুৎকেন্দ্রের কাজের ভাগ নিয়েও গ্রামবাসীর মধ্যে দুটি পক্ষ তৈরি হয়।
তদন্ত কমিটি: চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, বাঁশখালীর ঘটনার তদন্তে অতিরিক্ত চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট মোমিনুর রশিদকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নির্দিষ্ট কোনো সদস্য নেই। আহ্বায়ক প্রয়োজন অনুসারে সদস্য নির্ধারণ করবেন। কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।