বাঁশখালীর সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বদেশ-এর নিজস্ব প্রতিবেদক রাহুল দাশকে হুমকি দেওয়ার অভিযোগে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, শুক্রবার সকাল থেকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নিতে ইউনিয়নের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। সাংসদ নিঃশর্ত ক্ষমা না চাইলে কাল রোববার সমাবেশের মাধ্যমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সাংবাদিক রাহুল দাশ বলেন, গত এক বছরে বাঁশখালী উপজেলায় কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে—এ তথ্য জানতে তথ্য অধিকার আইনে গত ১ সেপ্টেম্বর বাঁশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করেন তিনি। এ কারণে গত মঙ্গলবার সকালে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী মুঠোফোনে তাঁকে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করতে থাকেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে গত বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন তিনি। আবেদনে তিনি সাংসদের হুমকিতে পেশাগত দায়িত্ব পালন ও জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান।
এ বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভুঁইয়া বলেন, সাংবাদিক রাহুলের করা আবেদন পুলিশ যাচাই-বাছাই করছে। তার নিরাপত্তাও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
জানতে চাইল গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কোনো সাংবাদিককে গালাগাল করিনি। এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়ায় রাহুলের কাছে জানতে চেয়েছি। বিষয়টিকে রং দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।’
গত ৪ জুন বাঁশখালীর ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পছন্দমতো নির্বাচন কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় ১ জুন বাঁশখালী উপজেলার সাবেক নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী মারধর করেন। এ অভিযোগ ওঠার পর সাংসদের বিরুদ্ধে মামলা হয় এবং বাঁশখালীর সব কটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। স্থগিত ১৩ ইউপিতে আগামী ১২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।