বাঁশগাড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়িতে টেঁটা সংঘর্ষে হতাহতের ঘটনার মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার বাদুয়ারচরের নিজ বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাফিজুর রহমান দলীয় প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হন। চেয়েও দলীয় প্রার্থিতা পাননি উপজেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল হক। শেষে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাফিজুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে জয়-পরাজয়কে কেন্দ্র করে পক্ষ দুটির মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পক্ষ দুটির মধ্যে এক বছরের ব্যবধানে বেশ কয়েকবার রক্তক্ষয়ী টেঁটা সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়ে পক্ষের সাতজন নিহত হন। আহত হন কয়েক শ লোক। কয়েক শ বসতবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় হত্যাসহ নানা অভিযোগে পাল্টাপাল্টি প্রায় অর্ধশত মামলা হয়। এসব মামলায় উভয় পক্ষের কয়েক হাজার মানুষ দীর্ঘদিন ধরে এলাকাছাড়া।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, হাফিজুর রহমানের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন আইনে অন্তত ২০টি মামলা আছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।