বাঁশঝাড় থেকে নবজাতক উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকার একটি বাঁশঝাড় থেকে গত বৃহস্পতিবার বিকেলে এক দিনের একটি মেয়েশিশুকে উদ্ধার করা হয়েছে। পরে এক নিঃসন্তান দম্পতি শিশুটির দায়িত্ব নেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক ব্যক্তি বৃহস্পতিবার বিকেলে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের পাশ ধরে হেঁটে যাওয়ার সময় মূলগাঁও এলাকার ওই বাঁশঝাড়ে শিশুটির কান্না শুনতে পান। পরে তিনি স্থানীয় সাবেক কাউন্সিলর হালিমা বেগমকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে কয়েক শ নারী-পুরুষ নবজাতকটিকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করেন। অনেকেই শিশুটির দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন। তাঁদের মধ্যে মূলগাঁও এলাকার নিঃসন্তান মোবারক হোসেন ও তাঁর স্ত্রী কবিতা বেগমও ছিলেন। পরে সাবেক কাউন্সিলর হালিমা শিশুটিকে কবিতা বেগমের কোলে তুলে দেন।
এ বিষয়ে হালিমা বেগম বলেন, নিঃসন্তান এই দম্পতি তাঁর প্রতিবেশী। স্থানীয় থানা-পুলিশকে অবহিত করেই শিশুটিকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।