বাঁশঝাড়ে যুবকের ঝুলন্ত লাশ
কুড়িগ্রামের রৌমারী থানা এলাকার একটি বাঁশঝাড় থেকে আজ রোববার আতাউর রহমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রৌমারী থানার পুলিশ জানায়, আতাউরের গ্রামের বাড়ি রৌমারীর লাঠিয়ালডাঙ্গায়। তিনি কৃষিকাজ করতেন। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আজ বেলা সোয়া দুইটার দিকে রৌমারী থানার ব্যাপারীপাড়ার জিঞ্জিরাম এলাকার বাঁশঝাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশটি গলায় গামছা প্যাঁচানো অবস্থায় একটি বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল।
নিহতের মা হনুফা বেগম বলেন, প্রেমের সম্পর্কজনিত বিষয় নিয়ে গতকাল শনিবার বিকেলে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান আতাউর। আবার রাত ১০টার দিকে বাড়িতে ভাত খেতে আসে। রাতে আবার বের হয়ে যায়। এরপর কী হয়েছে বুঝতে পারছেন না।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম সাজেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, মৃতদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।