বাঁশের খুঁটিতে বিদ্যুতের লাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপুরা থেকে ডেমরাগামী সড়কের ত্রিমোহনী সেতুর পশ্চিম পাশ থেকে নাগদারপাড় সেতু পর্যন্ত সড়কের দুপাশে এভাবে বাঁশের খুঁটি দিয়ে ঝুঁকিপূর্ণভাবে নেওয়া হয়েছে বৈদ্যুতিক লাইন। গত মঙ্গলবার ছবিটি তুলেছেন হাসান রাজা
রামপুরা থেকে ডেমরাগামী সড়কের ত্রিমোহনী সেতুর পশ্চিম পাশ থেকে নাগদারপাড় সেতু পর্যন্ত সড়কের দুপাশে এভাবে বাঁশের খুঁটি দিয়ে ঝুঁকিপূর্ণভাবে নেওয়া হয়েছে বৈদ্যুতিক লাইন। গত মঙ্গলবার ছবিটি তুলেছেন হাসান রাজা

খিলগাঁওয়ের নন্দীপাড়া বিশ্বরোড এলাকায় বাঁশের খুঁটিতে নেওয়া হয়েছে বিদ্যুতের লাইন। এসব বাঁশের খুঁটি ভেঙে পড়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

ব্যবহারকারীরা বলছেন, তাঁরা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মাধ্যমে এই সংযোগ নিয়েছেন। কিন্তু ডিপিডিসি বলছে, বাঁশের খুঁটি দিয়ে তারা বিদ্যুৎ সরবরাহ করে না।

সরেজমিনে দেখা গেছে, রামপুরা থেকে ডেমরাগামী সড়কের ত্রিমোহিনী সেতুর পশ্চিম পাশ থেকে নগদারপাড় সেতুর আগ পর্যন্ত সড়কের দুই পাশ ঘেঁষে বসানো হয়েছে বাঁশের খুঁটি। এসব খুঁটি দিয়ে নন্দীপাড়া এলাকা থেকে পাশের ইমামবাগ ও নগদারপাড় সেতুর পাশ পর্যন্ত আবাসিক বাড়ি ও দোকানে বিদ্যুৎ লাইন নেওয়া হয়েছে। ত্রিমোহিনী সেতুর পাশের একটি ওয়ার্কশপ, একটি মুদিদোকান ও একটি কারখানায় বিদ্যুৎ নেওয়া হয়েছে সরু বাঁশের খুঁটি দিয়ে।

স্থানীয় লোকজন বলেছেন, ত্রিমোহিনী সেতুর দক্ষিণ পাশের নন্দীপাড়া এলাকার বিদ্যুৎ সঞ্চালনের খুঁটি থেকে এসব লাইন নেওয়া হয়েছে। ঝড় হলে প্রায়ই এসব বাঁশের খুঁটি ভেঙে পড়ে। অনেক সময় বিদ্যুতের তারসহ ভাঙা বাঁশের খুঁটি সড়কে পড়ে থাকে। এতে এই সড়ক দিয়ে যাতায়াতের সময় যে কেউ বিদ্যুতায়িত হতে পারেন। ঘটতে পারে বড় দুর্ঘটনা।

সুমন হোসেন নামের একজন ব্যবহারকারী বলেন, সম্প্রতি এই এলাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে। কয়েক বছর আগেও এই এলাকায় কোনো জনবসতি ছিল না। এখন ধীরে ধীরে অনেকেই বসতি গড়ছেন, বাড়ি-ঘর তৈরি করছেন। বাড়ি তৈরি করলেও আশপাশে বিদ্যুতের মূল খুঁটি না থাকায় বাঁশের খুঁটি দিয়ে টেনে বিদ্যুৎ আনা হয়েছে। তিনি বলেন, ডিপিডিসির মাধ্যমে বৈধভাবে তাঁরা লাইন নিয়েছেন, মাস শেষে বিলও দেন।

সুমন হোসেনের বাড়িতে বৈদ্যুতিক মিটার দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যবহারকারী বলেন, ত্রিমোহিনী সেতুর পশ্চিম পাশ থেকে নগদারপাড় সেতুর পশ্চিম মাথা পর্যন্ত এলাকায় সড়ক ঘেঁষে বিদ্যুতের সঞ্চালন লাইন নেই। ডিপিডিসির এই এলাকায় খুঁটি বসানোর উদ্যোগও দেখা যাচ্ছে না। কিন্তু ইতিমধ্যেই সড়ক ঘেঁষে সাত-আটটি বাড়ি ও কয়েকটি দোকান হয়েছে। ডিপিডিসির খুঁটি বসানোর পর বিদ্যুৎ নেওয়া সময়সাপেক্ষ ও অনিশ্চিত। তাই ঝুঁকি সত্ত্বেও বিদ্যুৎ-সুবিধার জন্য বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ডিপিডিসির নির্বাহী পরিচালক (প্রকৌশল) মো. রমিজ উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, ডিপিডিসি বাঁশের খুঁটি দিয়ে কখনো বিদ্যুৎ সরবরাহ করে না। এগুলো অবৈধ লাইন হতে পারে। মিটারের মাধ্যমে ব্যবহারকারীরা বিদ্যুতের বিল পরিশোধ করেন বলে উল্লেখ করলে তিনি বলেন, তাহলে গ্রাহকেরা নিজ উদ্যোগে বাঁশের খুঁটি ব্যবহার করেছেন। এখন গ্রাহকেরা যদি খুঁটির জন্য আবেদন করেন, তবে ওই এলাকায় খুঁটি বসানো হবে।