বাঁশের চারটি বেড়া ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নে পদ্মা নদীর কয়েকটি স্থানে গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারটি বাঁশের বেড়া ধ্বংস ও বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছেন।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, স্থানীয় একটি প্রভাবশালী চক্র কিছুদিন ধরে অবৈধভাবে দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর দৌলতদিয়া ও কর্নেশন এবং উজানচর ইউনিয়নের চর কর্নেশন ও মজলিশপুর এলাকায় পদ্মা নদীতে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করে আসছিল। বেড়ার সঙ্গে ভেসাল জাল এবং সুতি জাল দিয়ে দেশি মাছ ধরা হচ্ছিল।
উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ বলেন, ২ থেকে ৮ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ চলছে। এ উপলক্ষে ইউএনও পঙ্কজ ঘোষের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর গতকাল ভোরে বেড়া ও ভেসাল উচ্ছেদে পদ্মা নদীতে অভিযান চালানো হয়। আদালত প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত বাঁশের বেড়া ও ভেসাল জাল কেটে ফেলেন। অন্তত ৫০ হাজার মিটার দৈর্ঘ্যের প্রায় ৫ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়। পরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জালগুলো পুড়িয়ে ফেলা হয়।