বাংলা টিমের প্রধানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমুদ্দিন রাহমানী জুমার বয়ান ও খুতবায় তাঁর অনুসারীদের ধর্ম এবং মহানবী (সা.)-কে অবমাননাকারী ব্লগারদের খুন করতে উদ্বুদ্ধ করেন। জসীমুদ্দিনের গ্রেপ্তার হওয়া অনুসারীদের জিজ্ঞাসাবাদে ও তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ তথ্য পেয়েছে। 
আজ মঙ্গলবার ডিবি পুলিশ মুফতি জসীমুদ্দিনের বিরুদ্ধে এমন অভিযোগ এনে মোহাম্মদপুর থানায় হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দিয়েছে। এতে তাঁর নয়জন অনুসারীকে অভিযোগপত্রভুক্ত করা হয়েছে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ও ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, দীর্ঘ ১৩ মাস তদন্ত শেষে ডিবি পুলিশ মুফতি জসীমুদ্দিন রাহমানী ও তাঁর নয়জন অনুসারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার অভিযোগপত্র জমা দিল। গ্রেপ্তার হওয়ার আগে মোহাম্মদপুর বছিলা রোডের মেট্রো হাউজিংয়ে তাঁর পরিচালিত মসজিদে জুমার নামাজের বয়ানে তিনি সশস্ত্র জিহাদের জন্য একে-৪৭ রাইফেল কেনারও প্রস্তাব দিয়েছিলেন। ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সন্ধান পায়।
গত বছরের ১১ আগস্ট বরগুনা শহরের উপকণ্ঠ দক্ষিণ খাজুরতলা এলাকায় তাঁর বড় ভাইয়ের বাড়িতে বৈঠক করার সময় বরগুনা থানার পুলিশ জসীমুদ্দিন রাহমানী ও তাঁর ৩০ সহযোগীকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নিয়ে তার পরিচালিত মোহাম্মদপুরের বছিলা রোডে পরিচালিত মাদ্রাসা ও মসজিদে অভিযান চালিয়ে বোমা তৈরির উপকরণ উদ্ধার করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জসীমুদ্দিন রাহমানী ছাড়াও অভিযোগত্রভুক্ত অন্য আসামিরা হলেন সাইফুল ইসলাম, প্রিন্স, জাহিদুর রহমান, আবু হানিফ, মো. পিয়াস, আবদুল্লাহ আল আসাদুল্লাহ, জুন্নুন শিকদার, রেজোয়ান শরীফ ও নাঈমুল হাসান।