বাংলা ভাইয়ের অপারেশন কমান্ডার খামারু গ্রেপ্তার
জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দ্বিতীয় শীর্ষ নেতা ফাঁসি হওয়া সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অপারেশন কমান্ডার জঙ্গি মাহাতাব খামারুকে (৪৫) পুলিশ গ্রেপ্তার করেছে।
মাহাতাব রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের তালঘড়িয়া গ্রামের মোহাম্মদ আলী খামারুর ছেলে। তিনি তালঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ মঙ্গলবার মাহাতাবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, জঙ্গি মাহাতাব খামারুকে পুলিশ গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিল। গতকাল সোমবার সকালে তিনি তাঁর বিদ্যালয়ে অবস্থান করছেন বলে জানতে পারে পুলিশ। দুপুর ১২টার দিকে পুলিশ বিদ্যালয়টি ঘিরে ফেলে তাঁকে গ্রেপ্তারে সক্ষম হয়। তাঁকে থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, খামারুর বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্ট ডজনখানেক মামলা ও অভিযোগ রয়েছে। এর আগেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন। বাংলা ভাইয়ের জীবদ্দশায় গ্রেপ্তার করে যৌথ সেলে জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে। ২০০৪ সালে রাজশাহী অঞ্চলে বাংলা ভাই বাহিনীর অভিযান চলাকালে জঙ্গি খামারু অপারেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলা ভাইয়ের অনুপস্থিতিতে খামারুর নেতৃত্বেই চরমপন্থীদের বিরুদ্ধে অভিযান চালানো হতো।