বাংলা ভাইয়ের উপদেষ্টা লুৎফর রহমান গ্রেপ্তার
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ফাঁসির আদেশ কার্যকর হওয়া সিদ্দিকুল ইসলাম ইসলাম ওরফে বাংলা ভাইয়ের উপদেষ্টা লুৎফর রহমানকে (৫৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাবশন ব্যাটালিয়ন (র্যাব)।
উপজেলার শিকদারী বাজার থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লুৎফরকে গ্রেপ্তার করা হয়। নাম প্রকাশ না করে ওই বাজারের একাধিক ব্যক্তি বলেন, র্যাবের দলটি যখন শিকদারী বাজারে যায়। এ সময় লুৎফর রহমান ওই বাজারে অবস্থান করছিলেন। পরে র্যাবের সদস্যরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাঁকে গাড়িতে নিয়ে চলে যায়।
এ বিষয়ে মোবাইল ফোনে র্যাব বাগমারা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) জামান আল নাসের প্রথম আলোকে বলেন, র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেলের নেতৃত্বে লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ১০টি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, লুৎফর রহমান নওগাঁ জেলার আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজের শিক্ষক। তাঁকে এখনো পুলিশে দেওয়া হয়নি। তিনি জেএমবির তালিকাভুক্ত সদস্য। তিনি বাংলা ভাইয়ের উপদেষ্টা হিসেবে পরিচিত ছিলেন। এর আগেও তাঁকে একাধিকবার গ্রেপ্তার করা হয়।