রাজশাহীর চারঘাট উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি ২০ জন জেলেকে আটক করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। গতকাল বুধবার সকালে এক ঘণ্টার ব্যবধানে এসব ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন বলেছেন, চারঘাটের মিয়াপুর গ্রামের জেলে মান্নান, ফারুক, দুদু মিয়া, মিজানুর, মিটুল, শহিদুল, টুটুল, লিটন ও মুংলি গ্রামের মাসুদ প্রতিদিনের মতো গতকাল সকালে পদ্মা নদীতে মাছ ধরতে যান। সাড়ে ১০টার দিকে ভুল করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা ধাওয়া করে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ তাঁদের আটক করে নিয়ে যান। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল বেলা সাড়ে ১১টার দিকে নদীর বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশকারী ১১ ভারতীয় জেলেকে আটক করে। আটক হওয়া ভারতীয় জেলেরা হলেন মনোরঞ্জন হালদার, রমেন মণ্ডল, সীতেন মণ্ডল, শান্তি হালদার, শক্তিপদ মণ্ডল, সুবোধ হালদার, কালীপদ মণ্ডল, সুকুর মণ্ডল, অশোক মণ্ডল, সনাতন মণ্ডল ও প্রভাস মণ্ডল।
রাজশাহী বিজিবির অধিনায়ক শাহজাহান সিরাজ বলেন, ‘নদীতে কোনো সীমানা পিলার নেই। মাছ ধরার সময় একটু এদিক-সেদিক হতেই পারে। ওরা (বিএসএফ) বাড়াবাড়ি করে আমাদের নয়জন জেলেকে ধরে নিয়ে গেছে। তাই আমরাও ওদের ১১ জন জেলেকে ধরে এনেছি।’
আটক হওয়া ভারতীয় জেলেদের চারঘাটের বিকল্প বিওপিতে রাখা হয়েছে উল্লেখ করে শাহজাহান সিরাজ বলেন, পতাকার বৈঠকের মাধ্যমে জেলেদের বিনিময়ের জন্য বিএসএফের প্রতি আহ্বান জানানো হয়েছে।