বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ বুধবার ঢাকার মোহাম্মদপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (ডিবি) মফিজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি বিজয় কুমার বর্মন ও ওয়াহাব রিন্টু এবং যুগ্ম সম্পাদক ওবাইদুল ইসলাম খান ও মনিরুল হাসান।
মফিজুল ইসলাম আজ বুধবার সাড়ে তিনটার দিকে জানান, গ্রেপ্তার করা চারজনকে ঢাকা থেকে ময়মনসিংহে নিয়ে আসা হচ্ছে। গত ৭ জুলাই ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বাড়িতে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া গত ১ জুন ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে অবৈধ টেন্ডার দাবি করতে গিয়ে এক বৈজ্ঞানিক কর্মকর্তাকে মারধর করেন কয়েকজন। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের করা মামলার বিজয় কুমার, ওয়াহাব রিন্টু ও মনিরুল হাসানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্রও দেয় পুলিশ।