বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে নির্যাতন অস্বীকার পুলিশের
ক্রসফায়ারের হুমকি দিয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার কাছ থেকে মোহাম্মদপুর থানার এক পুলিশ কর্মকর্তা টাকা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। টাকা না দেওয়ায় ওই ব্যাংক কর্মকর্তাকে বেধড়ক পেটানোও হয়। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা গতকাল রোববার সকালে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ব্যাংক কর্মকর্তার নাম গোলাম রাব্বী। তিনি বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা। জানতে চাইলে গতকাল রাতে গোলাম রাব্বী মুঠোফোনে প্রথম আলোকে জানান, গত শনিবার রাত ১১টার দিকে তিনি মোহাম্মদপুরে খালার বাসা থেকে কল্যাণপুর নিজের বাসায় যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে এক পুলিশ সদস্য তাঁর শার্টের কলার ধরে বলেন, ‘তোর কাছে ইয়াবা আছে।’ তিনি অস্বীকার করলে ওই পুলিশ তাঁকে ধরে কিছু দূরে দাঁড়িয়ে থাকা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারের কাছে নিয়ে যান। এসআই মাসুদও তাঁকে বলেন, তাঁর কাছে ইয়াবা আছে। তিনি আবারও অস্বীকার করলে এসআই মাসুদসহ পুলিশ সদস্যরা তাঁকে নিয়ে টানাহেঁচড়া শুরু করেন। একপর্যায়ে তাঁকে জোর করে পুলিশের ভ্যানে তোলা হয়। সেখানে তাঁকে মারধরও করা হয়।
রাব্বী বলেন, ‘আমি পুলিশকে আমার পরিচয় দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বলেও পরিচয় দিই। এটা শুনে এসআই মাসুদ আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। গালাগালি করেন। একপর্যায়ে আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে বসেন তিনি। না দিলে ক্রসফায়ারের হুমকিও দেন।’ রাব্বী বলেন, প্রথমে ফোনে কারও সঙ্গে যোগাযোগ করতে না পারলেও রাত আড়াইটার দিকে তিনি তাঁর পরিচিতদের ফোন করতে পারেন। মাসুদ শিকদার তাঁকে বলেছিলেন যেন কেউ একজন এসে তাঁকে নিয়ে যায়। তবে রাব্বীর বন্ধুরা ফোন পেয়ে সাত-আটজন এসে তাঁকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যান। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নেন। এরপর গতকাল এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন।
জানতে চাইলে এসআই মাসুদ প্রথম আলোকে বলেন, দেহ তল্লাশি করতে না দেওয়ায় তাঁকে গাড়িতে তোলা হয়েছিল। তবে কোনো মারধর ও টাকা দাবি করা হয়নি। ক্রসফায়ারের হুমকিও দেওয়া হয়নি।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’