বাংলাদেশ-ভারত শূন্যরেখায় বাংলাদেশির লাশ
সাতক্ষীরার ভোমরা সীমান্তে বাংলাদেশ-ভারত শূন্যরেখায় একটি সেতুর নিচ থেকে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
দুই নারী দাবি করেছেন, লাশটি তাঁদের বাবার। তাঁদের বাবার নাম কালামুল্লাহ বাবলু (৫৭)। তিনি সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি আট দিন ধরে নিখোঁজ ছিলেন।
সাতক্ষীরার ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার শফিউর রহমান জানান, সীমান্তের মেইন পিলার তিন এর সাব পিলার দুই এর ভোমরা খালের সেতুর নিচে একজনের লাশ পড়ে রয়েছে—এমন খবর পেয়ে আজ বেলা তিনটার দিকে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরনে ছিল কালো গেঞ্জি, মাথায় উলের টুপি ও পায়ে কেডস। পরে সাতক্ষীরা থেকে এসে দুজন নারী লাশটি তাঁদের বাবার বলে দাবি করেন।
নিহত ব্যক্তির মেয়ে দাবিদার নাইস নামে এক নারী জানান, তাদের বাবা কালামুল্লাহ বাবলু ১৯ জানুয়ারি বিকেলে ভোমরা বন্দর এলাকা থেকে নিখোঁজ হন। পরে তাঁরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ২১ জানুয়ারি সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি নিখোঁজ কালামুল্লাহ বাবলুর বলে দাবি করেছেন সুইট ও নাইস নামের দুই নারী। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া ওই ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। উদ্ধার করা লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।