বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে বিএসএফের হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে ঢুকে গ্রামবাসীর ওপর হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবারের এ ঘটনায় পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন জমিনপুর পশ্চিমপাড়া গ্রামের মোতালেব, সায়েদ, দুরুল হোদা, কুলসুম বেগম ও দিল রওশন বেগম।
গ্রামবাসী জানান, জমিনপুর সীমান্তের শূন্যরেখায় একটি জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। গতকাল বেলা ১১টার দিকে কয়েকজন বাংলাদেশি ওই জলাশয়ে মাছ ধরার সময় বাধা দেন বিএসএফ সদস্যরা। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। বেলা একটার দিকে ভারতের চুরি অনন্তপুর ফাঁড়ির ৩০ থেকে ৩৫ জন বিএসএফ সদস্য সশস্ত্র অবস্থায় ১৭৯ নম্বর সীমান্ত পিলারের ৪ ও ৫ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে বাংলাদেশের ১০০ গজ ভেতরে ঢুকে জমিনপুর পশ্চিম পাড়ায় হামলা চালান। বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের ঘরবাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে আতঙ্ক ছড়ান। বিএসএফের হামলায় আহত হন পাঁচ বাংলাদেশি। আহত দুরুল হোদার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।