বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিবের বিরুদ্ধে মামলা অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ তহবিলের প্রায় সাড়ে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ মানবাধিকার কমিশন নামের একটি সংস্থার মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদারের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে দুদকের সূত্র জানিয়েছে।
সাইফুল ইসলাম দিলদার দ্য ইনস্টিটিউট অব রুরাল ডেভেলপমেন্ট (আইআরডি) নামের একটি সংগঠনেরও নির্বাহী পরিচালক। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আইআরডির গৃহায়ণ তহবিল থেকে তিনি ১২ লাখ ৪৩ হাজার ৫৪৫ টাকা আত্মসাৎ করেছেন।
দুদকের সূত্র জানায়, দুদকের উপসহকারী পরিচালক মাহবুব আলম এই অভিযোগের অনুসন্ধান শেষে প্রতিবেদনে মামলার সুপারিশ করেন। গতকাল কমিশন তা অনুমোদন করে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সাইফুল ইসলাম দিলদার গতকাল প্রথম আলোর কাছে দাবি করেন, ওই টাকার মধ্যে প্রায় আট লাখ টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে। বাকি টাকাও তিন-চার কর্মদিবসের মধ্যে পরিশোধ করে দেওয়া হবে।