বাংলাদেশি কিশোরকে পিটিয়ে হত্যা করল বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর সীমান্তে গতকাল বৃহস্পতিবার লিটন (১৪) নামের এক বাংলাদেশি কিশোরকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। লিটন ওই সীমান্তে ঘাস কাটতে গিয়েছিল বলে একাধিক সূত্র জানিয়েছে।
বিএসএফের হাতে বাংলাদেশি কিশোর নিহত হওয়ার বিষয়টি চাঁপাইনবাবগঞ্জের বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জাফর সেখ মোহাম্মদ বজলুল হক ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির নিশ্চিত করেছেন। তাঁরা জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর সীমান্তে গতকাল সকালে দুই কিশোর ঘাস কাটতে যায়। এ সময় ভারতের ২০ বিএসএফ ব্যাটালিয়নের পিরোজপুর ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে লিটনকে ধরে ফেলেন। পরে তাকে সীমান্তের ওপারে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে ছেড়ে দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সে সীমান্তের এপারে আসার পথে নো ম্যানস ল্যান্ডে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়। সে একই ইউনিয়নের বেলপাড়া গ্রামের আনামুল হকের ছেলে।
বিজিবির অধিনায়ক আবু জাফর সেখ মোহাম্মদ বজলুল হক জানিয়েছেন, এ ঘটনায় বিএসএফের কমান্ডারকে টেলিফোন করে প্রতিবাদ জানানো হয়েছে।