বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
কুড়িগ্রামের রাজীবপুর সীমান্ত থেকে জুরান আলী (৩৪) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গত রোববার রাতে বালিয়ামারী বর্ডার হাট এলাকা থেকে ওই ব্যবসায়ীকে ধরে নিয়ে যান কালাইরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
এ ঘটনায় গতকাল সোমবার সকালে বালিয়ামারী সীমান্তে বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে বালিয়ামারী বর্ডার হাটসংলগ্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি ১০-১২ জনের গরু পাচারকারী একটি দল ভারত থেকে গরু নিয়ে আসছিল। এ সময় ভারতের কালাইরচর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধাওয়া করে জুরান আলীকে ধরে ফেলেন।
বিএসএফের হাতে আটক জুরান আলীর বাড়ি বালিয়ামারী চরপাড়া গ্রামে। তাঁর বাবার নাম আমির আলী।
জুরান আলীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিএসএফ তাঁকে ধরে নিয়ে মারপিট শুরু করে। অমানুষিক নির্যাতনের পর আহত অবস্থায় তাঁকে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভারতের তুড়া জেলার একটি হাসপাতালে ভর্তি করে।
এ প্রসঙ্গে বালিয়ামারী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার হাবিব মিয়া বলেন, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে গতকাল সকালে বালিয়ামারী সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়। ১০ মিনিটব্যাপী ওই পতাকা বৈঠকে বিএসএফ জানায়, জুরান আলীকে ভারতের থানায় সোপর্দ করা হয়েছে।