বাংলাদেশি দুটি ট্রলার আটক করেছে ভারতীয় উপকূলরক্ষীরা
ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে বাংলাদেশি দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে ভারতের উপকূলরক্ষী বাহিনী। ট্রলার দুটির নাম ‘আল্লাহ মালিক-২’ ও ‘আনোয়ারা’। আটক করা হয়েছে ট্রলার দুটির ৫৬ জন বাংলাদেশি জেলেকেও । ট্রলার দুটিতে দুই হাজার ২০০ কেজি মাছ পাওয়া গেছে ।
গতকাল শনিবার সুন্দরবনের সাগরদ্বীপ এলাকার অদূরে গভীর সমুদ্রে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘সুচেতা কৃপালীনি’ বাংলাদেশি ট্রলার দুটি আটক করে। আজ রোববার ট্রলারসহ মৎস্যজীবীদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ নৌ-পুলিশের হাতে হস্তান্তর করে উপকূলরক্ষী বাহিনী।
আজ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ডিআইজি (পূর্বাঞ্চল) ডি আর শর্মা জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই বাংলাদেশি ট্রলার দুটি সে দেশের চট্টগ্রাম বন্দর থেকে আসছিল। ৪ ডিসেম্বর তারা মাছ ধরার জন্য মাঝ সমুদ্রে পাড়ি দেয়। আটক হওয়া মৎস্যজীবীদের কাছ থেকে কোনো বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি বলেও জানান ডিআইজি।