বাংলাদেশি নারীকে পেটাল বিএসএফ
ভারত থেকে দেশে ফেরার সময় হাসুরা বেগম (৩৪) নামের এক বাংলাদেশিকে পিটিয়ে গুরুতর আহত করেছেন বিএসএফের এক সদস্য। গত বুধবার দুপুরে ভারতের পেট্রাপোল তল্লাশিচৌকিতে এ ঘটনা ঘটে।
বুধবার দুপুরেই গুরুতর অবস্থায় হাসুরা বেগমকে পেট্রাপোল থেকে বেনাপোল সীমান্তে পাঠানো হয়। তখন তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে অবশ্য তিনি হাসপাতাল ছেড়ে চলে যান। হাসুরা যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার জামাল শেখের স্ত্রী।
নির্যাতনের শিকার হাসুরার ছোট বোন তনু বেগম সাংবাদিকদের জানান, হাসুরা পাসপোর্ট নিয়ে বৈধপথে ভারতে যান। ফেরার পথে তল্লাশিচৌকিতে বিএসএফ সদস্য সুরেন্দ্র সিংহের সঙ্গে তাঁর (হাসুরা) কথা-কাটাকাটি হয়। এ সময় তাঁকে বিএসএফ ক্যাম্পে নিয়ে পিটিয়ে জখম করা হয়। বিএসএফের নির্যাতনে চেতনা হারালে তাঁকে ভ্যানে করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বিজিবির ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বলেন, পাসপোর্ট নিয়ে ভারতে গমন করা নারীকে মারধরের ঘটনার প্রতিবাদ জানানো হয়। এ ঘটনায় বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।