বাংলাদেশি বৃদ্ধের হাত-পা ভেঙে দিল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ওপারে মুরারী মোহন গুপ্ত (৬০) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে বেদম পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত আটটার দিকে মুরারী মোহন আরও কয়েকজনের সঙ্গে ভারত থেকে পাটগ্রামের ফকিরপাড়া সীমান্ত দিয়ে দেশে ফিরছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। তখন অন্যরা পালিয়ে গেলেও বিএসএফের সদস্যরা মুরারীকে আটক করে এবং রাইফেলের বাঁট দিয়ে বেদম পেটান। এতে মুরারীর ডান হাত ও বাম পা ভেঙে যায়। পরে তাঁকে ফেলে রেখে যান বিএসএফের সদস্যরা। গ্রামবাসী মুরারীকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মুরারীর হাত-পা ভেঙে গেছে। মাথায়ও আঘাত পেয়েছেন।

বাংলাদেশি আটক

পাটগ্রাম সীমান্তের ওপারে মোকলেছার রহমান (৩০) নামের এক বাংলাদেশিকে আটক করেছেন বিএসএফের সদস্যরা। গতকাল বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলে তাঁকে আটক করা হয়।