বাংলাদেশি যুবককে বিএসএফের নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি এক যুবকের ওপর নির্যাতন চালিয়ে আহত করেছে। গত মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর সীমান্তের বিপরীতে ভারতের বশিরহাট থানার ঘোজাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নূর হোসেনকে (২৪) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মোতালেব গাজীর ছেলে।
নূর হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি কাজের উদ্দেশে গাজীপুর সীমান্ত পার হয়ে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় যান। রাত ১১টার দিকে উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট থানার বারউপাড়া এলাকায় পৌঁছালে বিএসএফের সদস্যরা তাঁকে আটক করে ঘোজাডাঙ্গা ক্যাম্পে নিয়ে বেধড়ক মারধর করার পর সীমান্তসংলগ্ন একটি বিলে ফেলে দেন। সেখান থেকে তিনি দেশে ফিরে আসেন। পরে স্বজনেরা তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোয়াজ্জেম হোসেন জানান, নূর হোসেনকে মঙ্গলবার রাত দেড়টায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরের একাধিক স্থানে মারধরের চিহ্ন রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক মেজর নজীর আহম্মেদ বকশী জানান, বিএসএফের হাতে বাংলাদেশি প্রহৃত হওয়ার খবর তিনি জেনেছেন। তবে বিএসএফ বিষয়টি অস্বীকার করেছে।
দুই বাংলাদেশিকে ফেরত: বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, ভারতে অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশি নাগরিককে সোমবার রাত আটটায় হিলি সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। এই দুজন হলেন দিনাজপুরের বিরল উপজেলার দারুইল গ্রামের বাসারত হোসেনের ছেলে রফিকুল বাশার (২৮) এবং একই এলাকার চৌধুরীপাড়া গ্রামের দেবা রায়ের ছেলে তপন চন্দ্র রায় (৩০)।