বাংলাদেশি স্কুল ছাত্রকে গুলি করে মারল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে গতকাল শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শিহাব উদ্দিন সজল (১৭) নামের বাংলাদেশি এক স্কুলছাত্র নিহত হয়েছে। বিএসএফের নির্যাতনে আহত হয়েছে আরও তিন স্কুলছাত্র। শিহাব উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মাহাবুল হালসানার ছেলে।
আহত স্কুলছাত্ররা হলো একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে সবুজ হোসেন (১৫), মোমিনুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (১৪) ও জামাত আলীর ছেলে আলম হোসেন (১৫)। হতাহত ছাত্ররা সবাই স্থানীয় গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ওই চার স্কুলছাত্র শ্রমিক হিসেবে নতুনপাড়া সীমান্তের ৬৬ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে এনামুল হক নামের এক ব্যক্তির বাগানে আম পাড়তে যায়। সকাল সাড়ে ১০টার দিকে বিএসএফের টুঙ্গি ক্যাম্পের সদস্যরা ওই বাগানে ঢুকে চারজনকেই গাছ থেকে জোর করে নিচে নামান। এরপর তাদের বেধড়ক পেটানো হয়। একপর্যায়ে ওই স্কুলছাত্ররা দৌড়ে পালাতে গেলে খুব কাছ থেকে বিএসএফ সদস্যরা গুলি চালান। একটি গুলি শিহাব উদ্দিনের শরীরে বিদ্ধ হয়। অপর তিনজন গ্রামে ফিরে ঘটনাটি জানালে স্থানীয় লোকজন গিয়ে শিহাবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক শাহীনা আফরিন বেলা ১১টার দিকে শিহাবকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে শিহাবের লাশ তার নিজ গ্রামে দাফন করা হয়েছে।
এদিকে ঘটনার পর বিজিবি ৬ চুয়াডাঙ্গার পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হতাহত ছাত্রদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। বিজিবি সূত্র জানায়, দুপুরের পর ঘটনাস্থলের পাশেই বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষে লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ এবং বিএসএফের পক্ষে সীমানগর ১১৩ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মহেন্দ্রকুমার নেতৃত্ব দেন।
বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়, ওই চার কিশোর প্রথমে ভারত সীমান্তে অনুপ্রবেশ করে। ওদের পেছনে পেছনে ১০-১২ জন লোক ভারতের সীমান্তে ঢুকতে গেলে বিএসএফ সদস্যদের সন্দেহ হয়। এ সময় বিএসএফ সদস্যরা চ্যালেঞ্জ করলে অনুপ্রবেশকারীরা বিএসএফের ওপর আক্রমণ চালায়। তখন বিএসএফ গুলি চালালে একজন নিহত হয়। বিএসএফের দাবি ‘কল্পনাপ্রসূত’ বলে উল্লেখ করে বিজিবির পক্ষ থেকে এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়। এ ঘটনায় বিকেলে বিজিবির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবি ৬ চুয়াডাঙ্গার পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বাংলাদেশি কিশোরকে খুনের ঘটনায় বিএসএফের ব্যাটালিয়ন কমান্ড্যান্টকে ডেকে পাঠানো হয় এবং পতাকা বৈঠকে কড়া প্রতিবাদ জানানো হয়। বিএসএফের পক্ষ থেকে মনগড়া কাহিনি শোনানো হলেও তা আমলে নেওয়া হয়নি। ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে তাঁদের প্রতি আহ্বান জানানো হয়েছে।