বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত এলাকা থেকে গতকাল রোববার রাতে হীরা মিয়া (৫০) নামের এক বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিএসএফ তাঁকে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসসহর থানার পুলিশের কাছে সোপর্দ করে।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সূত্র জানায়, হীরার গ্রামের বাড়ি কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের গাঙেরপার এলাকায়। তাঁর স্বজনেরা জানিয়েছেন, তিনি মানসিক ভারসাম্যহীন। রোববার রাত নয়টার দিকে শরীফপুর সীমান্তের মূল সীমানাখুঁটির পূর্বভাগ এলাকা থেকে বিএসএফ তাঁকে আটক করে।
শ্রীমঙ্গলে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা বলেছেন, কাঁটাতারের বেড়া কাটার সময় হাতেনাতে হীরা মিয়াকে আটক করা হয়েছে। এ ছাড়া সীমান্তের ওই এলাকায় (পূর্বভাগ) গত কয়েক মাসে চোরাকারবারিরা বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া কেটে ফেলেছে বলেও বিএসএফের কর্মকর্তারা জানিয়েছেন। চোরাকারবারিরা তাঁকে এ কাজে ব্যবহার করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিএসএফ। তাঁর বিরুদ্ধে বিএসএফ আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন বলেন, হীরা মিয়ার স্বজনেরা বিজিবিকে জানিয়েছেন, হীরা মানসিক ভারসাম্যহীন। তবে সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।