বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত থেকে বাংলাদেশি এক কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার সীমান্তের ১১০ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছ থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়।
ধরে নিয়ে যাওয়া কৃষকের নাম খোয়াজ আলী (৩০)। তিনি দারিয়াপুর গ্রামের হাবেল শেখের ছেলে। ধরে নিয়ে যাওয়ার সময় তিনি বাংলাদেশ ভূখণ্ডে অন্যের জমিতে চাষাবাদ করছিলেন।
খোয়াজ আলীর স্ত্রী শাহান আরা খাতুন জানান, সকালে সীমান্তের চাতর আলীর ধানখেতে কাজ করার জন্য তিনি (খোয়াজ) বাড়ি থেকে রওনা হন। খেতে শ্যালো ইঞ্জিন চালু করার সময় বিএসএফের সদস্যরা বাংলাদেশের ভেতরে ঢুকে তাঁকে আটক করেন। এ সময় তাঁকে বেধড়ক পেটাতে পেটাতে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে নিয়ে যাওয়া হয়। অন্য কৃষকেরা এ খবর পরিবারকে দিলে তাঁরা বিষয়টি দারিয়াপুর মুজিবনগর বিজিবির ক্যাম্পকে জানান।
বিজিবির ৬ ব্যাটালিয়নের দারিয়াপুর ক্যাম্প কমান্ডার জাকির হোসেন জানান, বিজিবি আটক বাংলাদেশি কৃষককে উদ্ধারের জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।