বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত এলাকা থেকে গত রোববার এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ইরা মিয়া (৬০) নামের ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।
গ্রামবাসী সূত্রে জানা যায়, ইরা মিয়া সন্ধ্যা সাতটার দিকে কাঁটাতারের বাইরে জিরো পয়েন্ট এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা এসে তাঁকে ধরে ভারতে নিয়ে যান। ইরা মিয়া কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের মরাজানের পার গ্রামের মৃত আরজান মিয়ার ছেলে। তিনি রিকশা চালাতেন।
ইরা মিয়ার চাচাতো ভাই আহমেদুর রহমান বলেন, তিনি (ইরা মিয়া) প্রায় ২০ বছর আগে একবার গুরুতর অসুস্থ হন। তারপর ধীরে ধীরে তাঁর মানসিক ভারসাম্যহীনতা প্রকাশ পায়। একসময় তিনি পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। রোববার শরীফপুর ইউনিয়নে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় চলে যান। এ সময় বিএসএফ তাঁকে ধরে নিয়ে যায়।
শ্রীমঙ্গলে বিজিবির ৪৬ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দীন বিএসএফের হাতে এক বাংলাদেশি আটকের কথা নিশ্চিত করে বলেন, তাঁকে ফিরিয়ে আনতে বিএসএফের অধিনায়কের সঙ্গে আলোচনা চলছে। তবে বিএসএফ অভিযোগ করেছে, জিরো পয়েন্টে আটক ইরা মিয়া কাঁটাতার কাটার চেষ্টা করছিলেন। তাঁর কাছ থেকে তার কাটার একটি যন্ত্র উদ্ধার করা হয়েছে। তাই বিএসএফ মামলা দিয়ে ইরা মিয়াকে ত্রিপুরার উনকোটি জেলার কৈলাসহর থানায় সোপর্দ করেছে।