বাংলাদেশিকে পিটিয়ে মারল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরলা নদীতে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে মেরেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। নিহত ব্যক্তির নাম আমিনুল ইসলাম (২৮)। এই নদীর অবস্থান লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমান্তে।
ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটার দূরে বড়বাড়ী ইউনিয়নের চর বাসুরিয়া গ্রামের কলাখাওয়া ঘাট এলাকা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে আমিনুলের লাশ উদ্ধার করে পুলিশ।
আমিনুলের সঙ্গীরা গতকাল বিজিবি ও পুলিশকে জানান, আট-নয়জন গরু ব্যবসায়ীর সঙ্গে রোববার রাতে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন আমিনুল। ধরলা নদী পার হওয়ার সময় ভারতের অংশে আমিনুলকে ধরে ফেলে পশ্চিমবঙ্গের কোচবিচার জেলার ১২৪ গিতালদহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা। তারা তাঁকে পানিতেই পেটাতে থাকে। এ সময় আমিনুলের সঙ্গীরা দ্রুত পালিয়ে আসেন।
বিজিবি, পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রোববার রাতে বিএসএফের সদস্যরা আমিনুলকে মেরে নদীতে লাশ ফেলে দেয়। পরদিন সোমবার রাতে মোগলহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তা জানতে পারেন। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে কলাখাওয়া ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
লালমনিরহাট ১৫ বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতি বলেন, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে বিএসএফকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তারা সাড়া দেয়নি।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বুধবার আমিনুলের লাশের ময়নাতদন্ত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঠাকুরগাঁওয়ে লাশ ফেরত: প্রথম আলোর ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি গরু ব্যবসায়ী মোবারক হোসেনের (৩৫) লাশ সোমবার রাতে ফেরত দিয়েছে বিএসএফ। ৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাঁপসার সীমান্তে বিএসএফের গুলিতে আহত হওয়ার পর মোবারককে ওপারে নিয়ে যায় বিএসএফ। ভারতের উত্তর দিনাজপুরের শিলিগুড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান। সেখানে ময়নাতদন্ত শেষে সোমবার রাতে মোবারকের লাশ হস্তান্তর করা হয়।