বাংলাদেশিদের ফিরিয়ে আনার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গাদের কারণেই সমুদ্রপথে মানব পাচার সংকট বাড়ছে। থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যারা আটক হচ্ছে তাদের ৬০ ভাগই রোহিঙ্গা। ৪০ ভাগ বাংলাদেশি। কাজেই আন্তর্জাতিক মহলকে এই সমস্যা সমাধানের জন্য মিয়ানমারের ওপর চাপ দিতে হবে। একইসঙ্গে মানব পাচারের শিকার বাংলাদেশিদের ফিরিয়ে আনতে হবে।
গতকাল শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘মানব পাচার প্রতিরোধ এবং পাচারের শিকার লোকদের প্রত্যাবর্তন’ শীর্ষক এক কর্মশালায় এ অভিমত উঠে আসে। জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) এই কর্মশালার আয়োজন করে। এতে যথাসময়ে সমুদপথে মানব পাচার সমস্যাটি নজরে না আনার যেমন সমালোচনা করা হয়, তেমনি এই সমস্যা সমাধানে মাঠপর্যায়ের বিভিন্ন বাহিনীর সক্ষমতা বাড়ানো, জনসচেতনতা তৈরি এবং বৈধপথে কর্মী পাঠানো বাড়ানোসহ নানা সুপারিশ ওঠে আসে।
কর্মশালার প্রধান অতিথি মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, রোহিঙ্গা সমস্যার কারণে বাংলাদেশে মানব পাচার বেড়েছে। মানব পাচার রোধ করার মূল দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হলেও তাদের একার পক্ষে এটি সমাধান করা সম্ভব নয়। এ কারণেই সব মন্ত্রণালয়ের যে কমিটি আছে সেটিকে কার্যকর করতে হবে। পরস্পরের মধ্যে সমন্বয় করতে হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও পাচার বন্ধে কঠোর হতে হবে।
মানবাধিকার কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি কাজী রিয়াজুল হক বলেন, ‘মানব পাচার কেবল বাংলাদেশ নয়, আঞ্চলিক সমস্যা। কাজেই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গেও কথা বলতে হবে। প্রয়োজনে দ্বিপক্ষীয় বা আঞ্চলিক বিভিন্ন সংগঠনের মাধ্যমে আলোচনা করতে হবে।’
পররাষ্ট্রসচিব শহিদুল হক বলেন, ‘সমুদ্রপথে মানব পাচারের অন্যতম প্রধান কারণ রোহিঙ্গা সমস্যা। তারা এ দেশে নানা সমস্যা তৈরি করছে। রোহিঙ্গাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই। তাদের মিয়ানমারে পাঠাতে হবে। এ জন্য আন্তর্জাতিক মহলকে মিয়ানমারের ওপর চাপ দিতে হবে। তবে যারা বাংলাদেশি তাদের পরিচয় নিশ্চিত করে দেশে ফিরিয়ে আনা হবে। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।
কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও কুতবদিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাঠপর্যায়ে কর্মরত কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনী তাদের নানা সংকটের কথা তুলে ধরেন কর্মশালায়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) বাংলাদেশ-প্রধান শরত দাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মেসবাহ উদ্দিন, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, বিজিবির পরিচালক (অপারেশন) কর্নেল তৌহিদুল ইসলাম, বিটিভির সাবেক মহাপরিচালক ম. হামিদ, বেসরকারি সংস্থা নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সচিব নাসরিন বেগম, মানবাধিকার কমিশনের সদস্য অ্যারোমা দত্ত, ফাওজিয়া করিম, ব্র্যাকের পরিচালক (জেন্ডার অ্যান্ড জাস্টিস) শিপা হাফিজা, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক শাহ আলম প্রমুখ।