বাংলাদেশে আরও সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দিয়ে তিনজন বাংলাদেশি একটি ভিডিও বার্তা ছেড়েছেন বলে দাবি করেছে জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করা যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাইট একটি টুইটে কথিত বাংলাদেশি আইএস যোদ্ধার ভিডিও বার্তার কথা জানায়। ভিডিওটির বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (গণমাধ্যম) এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, যেকোনো জঙ্গি তৎপরতার সমর্থনে যেকোনো ধরনের কনটেন্ট আপলোড, শেয়ার করা এমনকি তাতে লাইক দেওয়া এবং তার সমর্থনে কমেন্ট করাও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী অপরাধ। যারা এগুলো করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাইটের দাবি অনুযায়ী, ওই তিন বাংলাদেশি সিরিয়ার রাকায় জঙ্গি সংগঠন আইএসের যোদ্ধা। টুইটে তাঁদের তিনজনের ছবি দেওয়া হয়েছে। তিনজনের মধ্যে একজনের মুখ কাপড়ে ঢাকা। অন্য দুজনের চেহারা স্পষ্ট দেখা যায়। তাঁদের একজনকে আবু ঈসা আল বাঙালি, আরেকজনকে আবু খালিদ আল বাঙালি নামে পরিচয় দেওয়া হয়েছে। তৃতীয়জনের নাম উল্লেখ থাকলেও বোঝা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওই তিনজনের পরিচয়ও প্রকাশ পায়। তাঁদের একজন এক সেনা কর্মকর্তার ছেলে আরাফাত ওরফে তুষার বলে কয়েকটি সূত্র জানিয়েছে। ভিডিও বার্তায় জিহাদিদের উদ্বুদ্ধ করে গুলশানে হামলার দিকে ইঙ্গিত করে তুষার বলেন, ‘বাংলাদেশে যে কাজটি তাঁরা করেছেন, সেটি চমৎকার একটি কাজ।’
ভিডিওতে অপর এক যুবককে দেখা গেছে, তিনি ২০০৭-০৮ সালের ক্লোজআপ ওয়ান তারকা তাহমিদ রহমান শাফি।