বাংলাদেশে ঢুকে পাঁচজনকে পেটাল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পাঁচ গ্রামবাসীকে পিটিয়ে আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার গোয়ালপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে বিএসএফ সদস্যরা এ ঘটনা ঘটান।
আহত ব্যক্তিরা হলেন চন্দনপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৫), আবদুস রিপন হোসেন (২৫), মো. রিপন ইসলাম (৩০), রুহুল আমিন (৪০) ও গোলাম রসুল (১৯)।
সীমান্ত এলাকার লোকজন বলেন, ভোরে ভারতের কয়েকজন রাখাল গরু নিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে আসছিলেন। এ সময় গোবরা ক্যাম্পের বিএসএফ সদস্যরা রাখালদের ধাওয়া করলে তাঁরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের গোয়ালডাঙ্গা এলাকায় ঢুকে পড়েন। তাঁদের ধাওয়া করে বিএসএফ সদস্যরাও ঢুকে পড়েন। তখন ওই এলাকার পটল খেতে কাজ করছিলেন চারজন শ্রমিক। তাঁদের সঙ্গে স্থানীয় এক কলেজছাত্র গোলাম রসুলও ছিলেন। বিএসএফ সদস্যরা রাখালদের খোঁজা বাদ দিয়ে ওই চার শ্রমিক ও কলেজ ছাত্রকে বেদম পেটাতে শুরু করেন। এতে তাঁরা আহত হন। পরে বাংলাদেশিরা এক হয়ে ধাওয়া করলে বিএসএফের সদস্যরা পালিয়ে যান। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরমান হোসেন বলেন, সকাল আটটার দিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গের কল্যাণী ৭৬ বিএসএফ ব্যাটালিয়নের গোবরা ক্যাম্পে প্রতিবাদ জানানো হয়েছে।