বাংলাদেশে ঢুকে হামলার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে ঢুকে এক বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে কাঁটাতারের বেড়া পেরিয়ে ওই সীমান্তের নোম্যানসল্যান্ডের কাছ এক বাংলাদেশির বাড়িতে হামলা চালানো হয় বলে স্থানীয় লোকজন ও বিজিবি সূত্রে জানা গেছে। এ সময় বিএসএফ একটি রাবার বুলেট ছোড়ে। তবে পতাকা বৈঠকে বিএসএফ এ হামলার কথা স্বীকার করেনি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুড়িগ্রাম গোরকমণ্ডল ক্যাম্পের কমান্ডার কমল কান্তি রায় বলেন, ‘কোনো কারণ ছাড়াই বিএসএফ সদস্যরা গভীর রাতে এক বাংলাদেশির বাড়িতে হামলা করেন। আমরা খবর পেয়ে ওই বাড়িটি পরিদর্শন করেছি এবং বিএসএফকে চিঠি দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছি।’ তিনি জানান, ওই চিঠির পরিপ্রেক্ষিতে রোববার সকালে বিজিবি-বিএসএফের কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার দীনেশ চন্দ্র ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার জি পি সিং।
বিজিবির দীনেশ চন্দ্র জানান, ওই বাড়ির মালিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে পতাকা বৈঠক হলেও বিএসএফ হামলার অভিযোগ স্বীকার করেনি। তবে কড়া প্রতিবাদের মুখে বিএসএফ তদন্ত সাপেক্ষে দোষী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গোরকমণ্ডল গ্রামে ভারত সীমান্ত থেকে ৩০ গজ দূরে আকবর আলীর বাড়িতে রাত পৌনে দুইটার দিকে হামলা চালান বিএসএফ সদস্যরা। এ সময় তাঁরা রাবার বুলেট ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে চলে যান।
আকবর আলী জানান, রাতে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে তাঁরা জেগে ওঠেন। তখন বিএসএফ সদস্যরা হিন্দিতে গালি দিচ্ছিলেন আর ঘরের দরজা জানালাসহ টিনের বেড়াতে লাঠি দিয়ে আঘাত করছিলেন। তিনজন বিএসএফ সদস্য ওই হামলায় অংশ নেন।