বাংলাবাজারে পুস্তক ব্যবসায়ী ও শ্রমিকদের বিতণ্ডা আটক ৩
পুরান ঢাকার বাংলাবাজারে মজুরি নির্ধারণ নিয়ে গতকাল মঙ্গলবার পুস্তক ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে বিতণ্ডা হয়েছে। এ ঘটনায় তিনজন শ্রমিককে আটক করেছে সূত্রাপুর থানার পুলিশ।
মজুরি বাড়ানোর দাবিতে গতকাল সকাল আটটা থেকে ৪৮ ঘণ্টা কর্মবিরতি শুরু করে বাংলাবাজার পুস্তক বাঁধাই শ্রমিক ইউনিয়ন। ১০টার দিকে কিছু শ্রমিক বিভিন্ন কারখানায় বই বাঁধাই করতে গেলে বাধা দেন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। এ নিয়ে বাংলাদেশ পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতির সঙ্গে শ্রমিক ইউনিয়নের বাগ্বিতণ্ডা হয়। পরে শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আসিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হৃদয় ও শ্রমিক মিজানকে আটক করে পুলিশ। শ্রমিক ইউনিয়নের সহসাংগঠনিক সম্পাদক রেজাউল খান বলেন, শ্রমিকেরা দিনে দুই বেলা ১৮০ টাকা মজুরিতে কাজ করেন। কিন্তু বাজারদর বাড়ায় এ টাকা দিয়ে তাঁদের সংসার চলে না। তাই গত শনিবার ইউনিয়নের সাধারণ সভায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গতকাল মালিকদের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে তিনজনকে আটক করে পুলিশ।