বাংলাবান্ধা স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি
পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা তোলা হচ্ছে। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি এই স্থলবন্দর দিয়ে মানুষ পারাপার শুরু হয়। তখন থেকে পঞ্চগড় আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন উন্নয়ন তহবিল নামে প্রতি ট্রাক থেকে ১০০ রুপি করে চাঁদা নেওয়া হয়। চাঁদার টাকার খরচ ও হিসাব নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় অ্যাসোসিয়েশন গত ১ সেপ্টেম্বর থেকে চাঁদা আদায় বন্ধ করে। কিন্তু এক দিন পরই ‘ইউনিয়ন পরিষদ গরিব ব্যবস্থাপনা তহবিল ও বন্দর শ্রমিক কল্যাণ তহবিল’ নামে আবার প্রতি ট্রাক থেকে ১০০ রুপি করে চাঁদা আদায় শুরু হয়।
গত বৃহস্পতিবার দুপুরে বন্দরে গিয়ে দেখা যায়, সিরিয়াল বক্সের ঘরে বসে প্রতি ট্রাক থেকে রসিদ দিয়ে ভারতীয় ১০০ রুপি নিচ্ছেন সাদেকুল ইসলাম ও বাবুল হোসেন নামের দুই কুলি শ্রমিকনেতা। গণমাধ্যমকর্মীদের দেখে তাঁরা রসিদ বই ফেলে পালিয়ে যান। এ সময় গণমাধ্যমকর্মীদের সামনে চাঁদার বিরুদ্ধে সাধারণ শ্রমিকেরা বিক্ষোভ করেন।
ভারতীয় ট্রাকচালক নীলাম্বর ঝা ও সালাঙ্গা নাগাসিয়া অভিযোগ করে বলেন, ১০০ রুপি করে টাকা না দিলে ট্রাকের সিরিয়াল দেওয়া হয় না। দীর্ঘদিন ধরে এই চাঁদা দেওয়া হচ্ছে। সিরিয়াল বক্সের দায়িত্বরত বন্দরের নিরাপত্তাকর্মী বাবু আহমেদ বলেন, জোর করে চাঁদা তোলা হচ্ছে। শ্রমিকদের কল্যাণের নামে চাঁদা তোলা হলেও শ্রমিকদের কল্যাণে তা ব্যয় হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন, প্রতি পরিবহন থেকে ১০০ রুপি করে চাঁদা নিচ্ছে আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ (ইউপি) ও বাংলাবান্ধা স্থলবন্দর কুলি শ্রমিক ইউনিয়ন। প্রতি কর্মদিবসে এই বন্দরে দুই শতাধিক ট্রাক থেকে এই চাঁদা নেওয়া হয়। বাংলাবান্ধা কুলি শ্রমিক ইউনিয়নের সচিব বাবুল হোসেন বলেন, এই টাকার একটি অংশ বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও বাংলাবান্ধা ইউপিকে দেওয়া হয়। আদায় করা টাকার ১০ ভাগ দেওয়া হয় কুলি শ্রমিক ইউনিয়নকে।
বন্দরের সহকারী মহাব্যবস্থাপক রজব আলী বলেন, ‘চাঁদা তুলতে না দিলে তাঁরা আমাকে হুমকি দেন। আমি অসহায়।’
পঞ্চগড় আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহসভাপতি তফিজুল ইসলাম বলেন, ‘কোনো ব্যবসায়ীই এই প্রক্রিয়ার পক্ষে নয়। এই চাঁদার জন্য ভারতীয় ব্যবসায়ীরা পাথরের মূল্য বৃদ্ধি করেছেন। ফলে আমদানিকারকেরা এই বন্দরে ব্যবসা করতে আগ্রহ হারিয়ে ফেলছেন। অ্যাসোসিয়েশনের নামে চাঁদা তোলা বন্ধ করে এখন নতুন নামে চাঁদা তোলা হচ্ছে।’ এই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোজাফ্ফর হোসেন বলেন, ‘আদায় করা টাকার হিসাব আমার কাছে নেই। শুরু থেকেই এর বিরোধিতা করছি।’ অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বলেন, ‘ব্যবসায়ীদের কল্যাণের জন্য এই টাকা নেওয়া হয়েছে। ১০ লাখ টাকা আদায় হয়েছে। তা থেকে কল্যাণমূলক বিভিন্ন কাজ ও ইফতার পার্টিতে খরচ হয়েছে ৬ লাখ। ৪ লাখের মতো জমা আছে। অ্যাসোসিয়েশনের নামে চাঁদা তোলা বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে চাঁদা তোলার সঙ্গে অ্যাসোসিয়েশনের কেউ জড়িত নয়।’
ইউনিয়ন পরিষদের নামে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বাংলাবান্ধার ইউপির চেয়ারম্যান কুদরত-ই-খুদা বলেন, ‘কে বা কারা চাঁদা তুলছেন তা আমি জানি না।’ তবে ভারতীয় ট্রাক থেকে চাঁদা নেওয়ার পক্ষে তিনি।