বাংলামোটরে বেপরোয়া বাস, পাঁচটি যান ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাংলামোটরে গতকাল মঙ্গলবার বিকেলে বাসের ধাক্কায় দুটি প্রাইভেট কারসহ অন্তত পাঁচটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই বাসের যাত্রী ও ক্ষতিগ্রস্ত যানবাহনের আরোহীসহ আট থেকে দশজন আহত হন। পুলিশ বলেছে, ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে বাস চালাতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল সোয়া পাঁচটার দিকে গাবতলী থেকে যাত্রাবাড়ী রুটে চলাচল করা (৮ নম্বর) একটি বাস শাহবাগ মোড় হয়ে বাংলামোটরের দিকে আসছিল। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সিগন্যাল পার হয়ে বাসটি বেপরোয়া গতিতে চলতে শুরু করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি তখন ডান দিকের সড়ক বিভাজক ঘেঁষে চলছিল। বিভাজকে দু–তিনটি ধাক্কা দিয়ে বাসটি মুহূর্তেই বাংলামোটর সিগন্যালের আগে ওয়ালসো টাওয়ারের কাছাকাছি চলে আসে। এ সময় ট্রাফিক সিগন্যালের কারণে বাংলামোটর থেকে ওয়ালসো টাওয়ার পর্যন্ত যানবাহন আটকে ছিল। নিয়ন্ত্রণ হারানো বাসটি দুটি প্রাইভেট কারের ডান দিকে ধাক্কা দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। পিকআপ ভ্যানটি সামনের আরেকটি প্রাইভেট কার ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে দুই আরোহী ও তাঁদের শিশুসন্তান আহত হয়। বাসের যাত্রীরা আতঙ্কে লাফিয়ে রাস্তায় নামেন। সড়কের অন্যান্য যানবাহনের যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসটি থামার সঙ্গে সঙ্গে চালক লাফ দিয়ে বাস থেকে নেমে পালিয়ে যান। বাসচালকের সহকারীও পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন ধাওয়া করে তাঁকে আটক করে মারধর করে পুলিশের হাতে দেন।
দুর্ঘটনা সম্পর্কে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রায়হান হোসেন বলেন, বাসে কোনো যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি। বাসের হালনাগাদ ফিটনেস সনদ ছিল। অতিরিক্ত গতিতে বাস চালানোর কারণে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতেই দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, বাসটি চালাচ্ছিলেন শরীফ। বাসে তাঁর ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি। তবে তাঁর সহকারী শিমুল জানিয়েছেন, শরীফের ড্রাইভিং লাইসেন্স আছে। দুর্ঘটনার পর তিনি লাইসেন্সসহ পালিয়েছেন।
রায়হান বলেন, এ ঘটনায় বাসটি ডাম্পিংয়ে পাঠানো হয়েছে ও শিমুলকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন। কারও অবস্থা গুরুতর নয়।