বাইরে চটকদার বিজ্ঞাপন, ভেতরে সেবার মান খারাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে চটকদার বিজ্ঞাপনের পরও সনদধারী টেকনিশিয়ান ও প্যাথোলজিস্ট না থাকা, নোংরা কক্ষ এবং মেশিনগুলো অকেজো থাকায় খুলনা নগরে দুই ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার খুলনা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আতিকুল ইসলাম দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্র জানায়, ‘দি প্রেসক্রিপশন প্যালেস’ ডায়াগনস্টিক সেন্টারটিতে সনদধারী কোনো টেকনিশিয়ান ও প্যাথোলজিস্ট নে​ই। সেখানকার কক্ষগুলো নোংরা, মেশিনগুলো অকেজো এবং রিপোর্টের সাদা কাগজে আগে থেকেই চিকিৎসকদের স্বাক্ষর।

তা ছাড়া, ভ্রাম্যমাণ আদালত সেখানকার একটি খাতায় দেখতে পান কোনো চিকিৎসক ও এজেন্টকে কোনো দিন কত টাকা কমিশন দেওয়া হয়েছে সেই হিসাব। অভিযানের সময় ওই ডায়াগনস্টিক সেন্টারে থাকা কয়েকজন রোগী অভিযোগ করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এলে তাঁদের ভুল বুঝিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসা হয়েছে।
রোগীদের ভুল বুঝিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে আনার অপরাধে অনুপম বিশ্বাস নামের ওই ডায়াগনস্টিক সেন্টারের একজন পরিচালককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ​সঙ্গে আরেক পরিচালক জিএম ফিরোজকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টারে ডিজিটাল এক্স-রে’র সাইনবোর্ড দেওয়া থাকলেও সেখানে তা নেই। বিভিন্ন উপজেলার গ্রাম্য চিকিৎসকেরা রোগীদের অহেতুক টেস্ট করার জন্য ওই প্রতিষ্ঠানে পাঠিয়েছে। এদের সঙ্গে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের যোগসাজশের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। ভুয়া বিজ্ঞাপনের অপরাধে মালিক শঙ্কর বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী হাকিম আতিকুল ইসলাম বলেন, চটকদার বিজ্ঞাপনের পরও ওই ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সেবার মান খারাপ থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের জরিমানা করা হয়েছে।