বাইরে সিটি স্ক্যান না করায় ছাড়তে হলো হাসপাতাল!
চিকিৎসকের একটি স্বাক্ষর পেলে অসহায় রোগীটি সরকারি খরচে হাসপাতালেই সিটি স্ক্যান করাতে পারতেন। কিন্তু স্বাক্ষর নিতে গেলে চিকিৎসক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। বাইরে থেকে সিটি স্ক্যান করিয়ে না আনলে তিনি রোগীই দেখবেন না বলে সাফ জানিয়ে দেন। এরপর গভীর রাতে রোগীকে শয্যা থেকে নামিয়ে দেওয়া হয়। শেষে চিকিৎসা না নিয়েই হাসপাতাল ছাড়তে বাধ্য হন ওই রোগী।
গত বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটেছে। ওই রোগীর নাম মমতাজ খাতুন (৩৫)। তাঁর বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার চন্দন শহর গ্রামে।
মমতাজের স্বামী মুকুল হোসেন জানান, ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাঁর স্ত্রীর ব্রেন টিউমার অপসারণ করা হয়েছে। এ জন্য গত ছয় মাসে কয়েক দফা তাঁদের ঢাকায় গিয়ে থাকতে হয়েছে। সম্প্রতি মাথায় একটি অস্থি সংযোজন করার পর সেখানে সংক্রমণ দেখা দেয়। এ জন্য ঢাকায় রেখে দামি কিছু ওষুধ দেওয়া হয়। এতে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলে তাঁদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বাড়িতে আসার পর আবার একই সমস্যা দেখা দেয়। তখন ঢাকায় যোগাযোগ করা হলে চিকিৎসকেরা জানান, আবার অস্ত্রোপচার করে নতুন অস্থি লাগাতে হবে। কিন্তু এই মুহূর্তে ঢাকায় গিয়ে আবার অস্ত্রোপচারের মতো আর্থিক সংগতি তাঁদের নেই। ব্যয়বহুল চিকিৎসায় তাঁরা একেবারে নিঃস্ব হয়ে গেছেন।
মুকুল হোসেন বলেন, এ অবস্থায় গত মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর স্ত্রীকে ভর্তি করেন। পরদিন চিকিৎসক এ এফ এম মমতাজুল হক সিটি স্ক্যান করানোর পরামর্শ দেন। বাইরে এই পরীক্ষা করাতে সাড়ে তিন হাজার টাকা লাগে। তাৎক্ষণিকভাবে তাঁরা এই টাকার জোগাড় করতে পারেননি। তাই তাঁরা সরকারি খরচে (দুই হাজার টাকা) হাসপাতাল থেকেই পরীক্ষাটি করানোর চেষ্টা করেন। এ জন্য চিকিৎসক মমতাজুল হকের একটি স্বাক্ষরের প্রয়োজন ছিল। কিন্তু ওই স্বাক্ষর নিতে গেলে চিকিৎসক তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বলেন, তিনি স্বাক্ষর দেবেন না। শুধু তা-ই নয়, তিনি বুধবারের মধ্যে বাইরে থেকে সিটি স্ক্যান না করালে রোগীই দেখবেন না বলে জানিয়ে দেন।
মুকুল হোসেনের অভিযোগ, তাঁরা বাইরে থেকে পরীক্ষা করাতে পারেননি। তাঁর স্ত্রী ৩০ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর শয্যায় ছিলেন। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে একজন নার্স এসে তাঁর স্ত্রীকে শয্যা থেকে নামিয়ে আরেকজন রোগীকে তুলে দেন। এ অবস্থায় প্রচণ্ড অসুস্থ স্ত্রীকে নিয়ে চরম বিপদে পড়েন তিনি। পরে রাতটা কোনো রকমে কাটিয়ে সকাল সাতটার দিকে হাসপাতাল ছাড়েন তাঁরা। এখন শেষ সহায়সম্বল বিক্রি করে ঢাকায় যাওয়ার জন্য চেষ্টা করছেন।
যোগাযোগ করা হলে চিকিৎসক মমতাজুল হক রোগীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। এমনকি বাইরে থেকে সিটি স্ক্যান করিয়ে আনার বিষয়টিও অস্বীকার করেন। তিনি বলেন, তিনি হাসপাতালের ভেতরেই পরীক্ষাটি করাতে বলেছেন। তবে কে রোগীকে শয্যা থেকে নামিয়ে দিয়েছেন, তা তিনি ধরতে পেরেছেন। তিনি তাঁকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন বলে জানান।
এ ব্যাপারে কথা বলতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগ সূত্র জানায়, গত বছরের আগস্টে হাসপাতালে নতুন সিটি স্ক্যান যন্ত্রটি চালু করা হয়। এরপর গতকাল পর্যন্ত মোট ১৩০ জন রোগীকে বিনা মূল্যে এই সেবা দেওয়া হয়েছে।