বাউফল ও কচুয়ায় দুজন খুন
পটুয়াখালীর বাউফল উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে গত শুক্রবার খুন হয়েছেন বাগেরহাটের মোরেলগঞ্জের মো. রাসেল (৩৫) নামের এক যুবক। জমি নিয়ে বিরোধের জেরে চাচাশ্বশুরের পক্ষের লোকজন তাঁকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। একই দিন রাতে বাগেরহাটের কচুয়া উপজেলায় লিটন হালদার (২৫) নামের এক মৎস্য ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মো. রাসেল মোরেলগঞ্জের সোনাখালী গ্রামের মো. আবু জাফর গাজীর ছেলে। তাঁর শ্বশুরবাড়ি বাউফলের সূর্যমণি ইউনিয়নের পূর্ব রামনগর গ্রামে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাসেলের সঙ্গে ২০০৮ সালে রামনগর গ্রামের মৃত কাওছার মুন্সির মেয়ে লাবণী আক্তারের (২৬) বিয়ে হয়। গত বুধবার তিনি শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। শ্বশুরের পরিবারের সঙ্গে চাচাশ্বশুর আনছারুল হক মুন্সির পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। রাসেল এ বিরোধে শ্বশুরের পরিবারের পক্ষে অবস্থান নেন। এতে ক্ষুব্ধ হয় চাচাশ্বশুরের পক্ষ। শুক্রবার সকালে রাসেল শ্বশুরবাড়িতে নলকূপে গোসল করতে যান। এ সময় তাঁর ওপর অতর্কিতে হামলা চালান চাচাশ্বশুরের ছেলে ফজলে রাব্বি ওরফে তুফানের (২০) নেতৃত্বে ছয়-সাতজন। হামলাকারীরা লোহার রড দিয়ে রাসেলের মাথায় আঘাত করেন। এ ছাড়া পিটিয়ে তাঁর দুই পা ভেঙে দেন। পরে স্থানীয় লোকজন এসে তাঁকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রাসেলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যার দিকে তিনি মারা যান।
গতকাল শনিবার সকালে পূর্ব রামনগর গ্রামে গিয়ে দেখা যায়, রাসেলের স্ত্রী লাবণী আক্তার শোকে পাথর। তিনি মাঝেমধ্যেই আহাজারি করছেন, আর বলছেন, ‘আমার ছোট শিশু আফিফা এখন আব্বু বলে ডাকবে কাকে? তোরা আমার বাবার সব সম্পত্তি নিয়ে যা, আমার স্বামীকে ফিরাইয়া দে।’
রাসেল-লাবণী দম্পতির একমাত্র সন্তান আফিফার বয়স মাত্র ১ বছর ৪ মাস। এই বয়সেই পিতৃহারা হতে হলো ছোট্ট আফিফাকে। রাসেলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন লাবণী আক্তার।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী গতকাল দুপুরে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি। তবে ঘটনাটি জানার পর শুক্রবার রাতেই একদল পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। প্রতিপক্ষের লোকজন ঘরে তালা লাগিয়ে পালিয়েছে। অপরাধীদের ধরে আইনের আওতায় আনবে পুলিশ।
বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের পশ্চিম পিপুলজুড়ি গ্রামের নিজ মৎস্য ঘেরে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লিটনকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ। লিটন হালদার পিপুলজুড়ি গ্রামের প্রয়াত নারায়ণ চন্দ্র হালদারের ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাবিরুল ইসলাম বলেন, শুক্রবার রাত নয়টার দিকে ঘের ব্যবসায়ী লিটন হালদার প্রতিদিনের মতো বাড়ি থেকে বেরিয়ে ঘের দেখতে যান। রাত ১১টার দিকে লিটনের পাশের ঘেরের মালিক ওই পথ দিয়ে যাওয়ার সময় ঘেরের পানিতে একটি লাশ ভাসতে দেখে ডাকচিৎকার শুরু করেন। পরে স্থানীয় ও লিটনের বাড়ি লোকজন এসে লিটনের লাশটি উদ্ধার করেন।
লিটনের মাথায় ধারালো অস্ত্রের অন্তত তিনটি কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কী কারণে বা কারা তাঁকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।