বাউফলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বোর্ড নির্ধারিত ফি ২৫০ টাকা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ ৬০০ থেকে ৮০০ টাকা আদায় করছে।
বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, জেএসসি পরীক্ষায় ফরম পূরণ, কেন্দ্র ফিসহ মোট ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফরম পূরণ শুরু হয়েছে ২১ জুলাই, চলবে কাল বুধবার পর্যন্ত। বিলম্ব ফি দিয়ে ৩ আগস্ট পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে।
বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবার উপজেলার ৬১টি মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৬৭৩।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে জেএসসির ফরম পূরণ করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে, ‘আমি উপবৃত্তি পাই। আমার বেতন দিতে হয় না। অথচ জেএসসির ফরম পূরণ করতে ৮০০ টাকা দিতে হয়েছে।’ একই অভিযোগ ওই বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থীর।
এ বিষয়ে জানতে গতকাল বেলা দুইটার দিকে প্রধান শিক্ষক জাহানারা বেগমের কার্যালয়ে গেলেও তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে জানতে চাইলে তিনি কোনো কথা না বলে ফোন কেটে দেন।
কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে, ‘আমি গরিব ঘরের সন্তান। ৬০০ টাকা দিয়ে ফরম পূরণ করতে পেরেছি। অন্যদের আরও বেশি দিতে হচ্ছে।’ কিন্তু অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এ বিদ্যালয়টির প্রধান শিক্ষক হারুন-অর রশিদ।
অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির বাউফল উপজেলা শাখার সভাপতি ও বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম রাসেল। তিনি বলেন, ‘সমিতির পক্ষ থেকে গত বছর ফরম পূরণে ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ বছরও ৭০০ টাকা করে নেওয়ার জন্য সব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বলা হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষকনেতা জানান, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই বোর্ড কর্তৃক নির্ধারিত ফি নিয়ে জেএসসির ফরম পূরণ হচ্ছে না। পরীক্ষার ঠিক আগে কেন্দ্র ফির নামে প্রবেশপত্র আটকে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে আরও ২০০ থেকে ৩০০ টাকা আদায় করা হবে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু জিয়াউল হক বলেন, ‘বোর্ড কর্তৃক নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের কোনো সুযোগ নেই। এ–সংক্রান্ত লিখিত অভিযোগ পেলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’