বাউফলে আ.লীগ নেতাদের হামলায় স্কুলের নির্বাচন পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন গতকাল বুধবার পণ্ড করে দিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। তাঁরা বিদ্যালয়ের রেজ্যুলেশন খাতা ছিঁড়ে ফেলেন। একজন অভিভাবক সদস্যকে লাঞ্ছিত এবং এক তরুণকে মারধর করেন।
স্থানীয় লোকজন, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, গত ২৫ সেপ্টেম্বর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন হয়। ওই সদস্য, শিক্ষক প্রতিনিধি ও প্রতিষ্ঠাতা সদস্যদের নিয়ে গতকাল সকাল ১০টার দিকে প্রধান শিক্ষকের কার্যালয়ে সভাপতি পদে নির্বাচন শুরু হয়। নয়জন সদস্যের মধ্যে থেকে একজন সভাপতি নির্বাচিত হওয়ার কথা ছিল। এ ক্ষেত্রে এগিয়ে ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুর রশীদ চুন্নু মিয়া। কেননা নয়জন সদস্যের মধ্যে ছয়জন ছিলেন বিএনপির সমর্থক, তিনজন আওয়ামী লীগ সমর্থক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোয়া ১০টার দিকে কাছিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল আক্তার ও যুবলীগের সহসভাপতি রিপন সিকদারের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে মোটরসাইকেলের মহড়া দিয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে হামলা চালায়। তারা বিদ্যালয়ের রেজ্যুলেশন খাতা ছিঁড়ে ফেলে। মো. সোহরাব হোসেন হাওলাদার নামের এক অভিভাবক সদস্যকে টেনেহিঁচড়ে অপহরণের চেষ্টা চালান। এতে তিনি আহত হন। চিৎকার শুনে এগিয়ে এলে সুমন (২২) নামের এক তরুণকে মারধর করে। পরে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. ইউসুফ আলী নির্বাচন বন্ধ করে দেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন অভিভাবক সদস্য অভিযোগ করেন, সভাপতি পদে বিএনপির সাবেক এক নেতা জয়ী হবে জেনে আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার এ হামলার ঘটনা ঘটিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে বাবুল আক্তার বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই।’ একই কথা বলেন যুবলীগ নেতা রিপন সিকদার।
প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে এ জাতীয় হামলার ঘটনা খুবই দুঃখজনক।’ তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ইউসুফ আলী বলেন, ‘আমার সামনেই রেজ্যুলেশন খাতা ছিঁড়ে ফেলা হয়েছে। উপস্থিত সদস্যদের অশ্লীল ভাষায় গালাগাল করা হয়। ওই সময় ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ কারণে নির্বাচন-প্রক্রিয়া বন্ধ করে দিতে বাধ্য হই।’