বাউফলে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, ভাঙচুর, আহত ১০
পটুয়াখালীর বাউফল পৌরসভা এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
সন্ধ্যা সাতটার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার ও দলের নেতা-কর্মীরা দলের কার্যালয় জনতা ভবন থেকে ফিরছিলেন। কুণ্ডুপট্টি এলাকায় পৌঁছার পর বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হকের পক্ষের কর্মী-সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় শহরের বিভিন্ন এলাকায় চারটি তোরণ (ঈদ শুভেচ্ছার) ভেঙে ফেলা হয় এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠান সেবা ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। হামলাকারীরা ওই ক্লিনিকের ইয়ানুর ও রাবেয়া নামে দুই সেবিকা এবং পুষ্পিতা নামের এক আয়াসহ পাঁচজনকে মারধর করে। এ সময় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট বন্ধ করে দেন।
সন্ধ্যায় সংঘর্ষের পর বাউফল সদরে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। মেয়র পক্ষ মেয়রের বাসভবনের সামনে ও অপর পক্ষ দলীয় কার্যালয় জনতা ভবনের সামনে অবস্থান নেয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান রাত নয়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে পৌরসভা সদরে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপার আরও পুলিশ নিয়ে বাউফলের উদ্দেশে রওনা দিয়েছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। তবে শান্ত করার চেষ্টা চলছে।’
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান। তাঁরা বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তাঁরা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বরিশালের রাজপথে তিনি (আ স ম ফিরোজ) বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরসহ পদদলিত করেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের অনুসারীদের দিয়ে আওয়ামী লীগ কার্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন তিনি।
ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদে গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগের চিফ হুইপ পক্ষ। বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরে দলীয় কার্যালয় জনতা ভবন থেকে মিছিলটি বের হয়ে থানা-সংলগ্ন ইলিশ চত্বরে গিয়ে সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শামসুল আলম মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। তিনি জিয়াউল হক ও মজিবুর রহমানের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন এবং মজিবুর রহমানকে গণপিটুনি দেওয়ার নির্দেশ দেন। এতে উত্তেজনা সৃষ্টি হয়।