বাউফলে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ
পটুয়াখালীর বাউফল উপজেলায় খেয়াঘাটের দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর বাজার এলাকার চর রোকনউদ্দিন খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কর্মী আলাউদ্দিন মৃধাকে ১৪২১ বাংলা বর্ষের জন্য চর রোকনউদ্দিন খেয়াঘাট ইজারা দেয় জেলা পরিষদ। একই সময় কাছিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ওই খেয়াঘাট ইজারা নেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল আক্তার। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তবে বাবুল আক্তার খেয়াঘাট দখলে নিয়ে কার্যক্রম চালিয়ে যান।
এ নিয়ে আলাউদ্দিন মৃধা হাইকোর্টে একটি রিট পিটিশন করেন। আদালত ইউনিয়ন পরিষদের ইজারা দেওয়াকে অবৈধ ঘোষণা করে জেলা পরিষদের পক্ষে আলাউদ্দিন মৃধাকে রায় দেন। এ রায় নিয়ে গতকাল দুপুর ১২টার দিকে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার পক্ষে অফিস সহকারী শামীম খানসহ তিনজন ঘটনাস্থলে এসে ইজারাদার আলাউদ্দিন মৃধাকে ঘাট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় বাবুল আক্তার তাঁর লোকজন নিয়ে বাধা দেন। এ নিয়ে বাবুল আক্তার ও আলাউদ্দিন মৃধার পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিন দফায় চলে ধাওয়া-পাল্টাধাওয়া। এতে রিয়াজ, সিরাজুল ইসলাম, টিপু, খোকন, আল আমিন, সালাম মৃধা, নান্নু মৃধা, সুলতান মৃধাসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হরয়ছেন। তাঁদের মধ্যে রিয়াজ ও সিরাজুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে বাউফল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত খেয়াঘাট এলাকায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।
বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বাবুল আক্তার বলেন, ‘সংঘর্ষ হয়নি। হাতাহাতি হয়েছে।’ তিনি বৈধভাবে ইজারা নিয়ে ঘাট দখলে রেখেছেন বলে দাবি করেন।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশ মোতাবেক ওই খেয়াঘাট আলাউদ্দিন মৃধাকে বুঝিয়ে দেওয়ার জন্য গতকাল দুপুরে জেলা পরিষদের লোকজন গেলে বাবুল আক্তার লোকজন নিয়ে বাধা দেন এবং সংঘর্ষের ঘটনা ঘটান। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।