বাউফলে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর
ইফতার আয়োজনকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে কবির তালুকদার (৩৫) ও সোহাগ (২৪) নামে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত শনিবার রাতে কালিশুরী বাজারের চার রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়, দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে একই এলাকায় পৃথকভাবে আজ সোমবার ইফতার আয়োজনের প্রস্তুতি নেয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নেছার উদ্দিন ওরফে জামাল সিকদার জাতীয় সংসদের চিফ হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজের পক্ষে কালিশুরী এসএ ইনস্টিটিউশন মাঠে এবং পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমানের পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রব, যুগ্ম সম্পাদক মো. নাঈম মল্লিক ও সাংগঠনিক সম্পাদক মো. ইয়াকুব তালুকদার ইউনিয়ন পরিষদের সামনে ইফতার আয়োজনের প্রস্তুতি নেয়।
স্থানীয় কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, ইফতার আয়োজনের এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। শনিবার সন্ধ্যায় চিফ হুইপের পক্ষে বজলু, ফারুক ও আল-আমিনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। ওই মিছিল থেকে মেয়র পক্ষের মালেক সিকদার, কবির, রেজাউলসহ কয়েকজন কর্মীর ওপর হামলা চালানো হয়। ওই সময় মেয়র পক্ষের কর্মীরা চিফ হুইপের পক্ষের আল-আমিন নামে একজনকে মারধর করেন। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। পরে মেয়র জিয়াউল হকের সৌজন্যে নির্মিত একটি তোরণ ভাঙচুর ও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
মেয়র পক্ষের আওয়ামী লীগ নেতা মো. ইয়াকুব তালুকদার অভিযোগ করেন, জামাল সিকদারের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে প্রভাব বিস্তার করে তাঁদের (মেয়র) পক্ষের নেতা-কর্মীদের হয়রানি করার জন্য মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেছার উদ্দিন ওরফে জামাল সিকদার এই অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরকারীদের মধ্যে দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বাউফল থানার ওসি আ জা ম মাসুদুজ্জামান বলেন, ইফতার আয়োজনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।