বাউফলে ইউএনওর ট্রলারে হামলা
পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) টহলরত ট্রলারে আজ শুক্রবার রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রাত সোয়া নয়টার দিকে উপজেলার ধূলিয়া লঞ্চ ঘাটের পশ্চিম পাশে তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে। এতে ট্রলার চালক আবদুর রহিম (৫৫) ও তাঁর ছেলে লিমন (২৫) গুরুতর আহত হন। হামলাকারীরা ট্রলারের ইঞ্জিন নষ্ট করে ফেলেছে।
রাত ১০টা ৫০ পর্যন্ত ইউএনও ও একজন মৎস্য কর্মকর্তা ওই ট্রলারে নদীর মধ্যে অবস্থান করছেন।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীর ধূলিয়া লঞ্চ ঘাটের পশ্চিম পাশ এলাকায় জেলেরা মাছ ধরছিল। খবর পেয়ে তাঁরা ওই এলাকায় অভিযান চালান। ওই সময় কয়েকটি নৌকার জাল আটক করেন এবং সর্বশেষ একটি নৌকার জাল জব্দ করার সময় তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। বৃষ্টির মতো ইট-পাটকেল ছোড়া হয়েছে। একপর্যায়ে তিনি ও মত্স্য কর্মকর্তা মোজাম্মেল হকসহ অন্যরা ট্রলারের পাটাতনের নিচে আশ্রয় নেন। এতে ট্রলারের চালক ও তাঁর ছেলে আহত হন এবং ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়।