বাউফলে খাল খননে পুকুরচুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ ও বীরপাশা—এই দুই গ্রামের মধ্যবর্তী খালটি পুনঃখননের কাজে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্ধারিত নকশা অনুযায়ী খালটি পুনঃখনন না হওয়ায় বর্তমানে চরম বিপাকে পড়েছে ওই দুই গ্রামের কয়েক শ কৃষক।
বিশ্বব্যাংকের অর্থায়নে আইএপিপি প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ওই খননকাজ করে।
বিএডিসির উপজেলা কার্যালয়ের একটি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের শুরুতে প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটার দীর্ঘ ওই খালটি পুনঃখননের কাজ করা হয়। খালটি পুনঃখননের কাজ পায় মেসার্স নজরুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ অনুযায়ী খালটির উপরিভাগ ২৬ ফুট আর তলদেশ ১২ ফুট প্রশস্ত এবং খালের গভীরতা ৭ ফুট করে খনন করার কথা। খালের দুপাশ থেকে সমানভাবে মাটি কেটে সেই মাটি খালের দুই পাশে ফেলে তা ড্রেসিং করে দেওয়ার বিষয়টিও ছিল খাল পুনঃখননের কাজের মধ্যে।
সরেজমিনে দেখা যায়, খাল খননের মাটি কোনো প্রকার ড্রেসিং ছাড়াই এক পাশে ফেলে রাখা হয়েছে। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, কার্যাদেশ অনুযায়ী খাল পুনঃখননের কাজ করা হয়নি। খালের এক পাশ থেকে আড়াআড়ি করে কিছু মাটি কেটে ড্রেসিং ছাড়াই পাশে ফেলা হয়। যার ফলে জোয়ারের সময় খালের যে পাশে মাটি ফেলা হয়নি, সেই পাশের প্রায় এক হাজার একর কৃষিজমিতে পানি ঢুকে পড়ে। ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়।
কয়েকজন কৃষক বলেন, খাল খনন করা হয়েছে কৃষকদের উপকারের জন্য। সঠিকভাবে খনন না করায় উপকারের চেয়ে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেশি।
খাল পুনঃখনন কমিটির সদস্য মো. সালাম মাতব্বর বলেন, ‘আমি সদস্য হলেও খালটি খনন করার সময় আমাকে ডাকা হয়নি। খাল খননের নামে পুকুরচুরি করা হয়েছে। ফলে উপকারের চেয়ে বিশেষ করে ওই এলাকার কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার অভিযোগ করেও কোনো সুফল মেলেনি।’
একই অভিযোগ করেন ওই দুই গ্রামের বাসিন্দা লুৎফর রহমান, ইউনুচ গাজী, খলিল মিস্ত্রি, মো. আউয়াল, বাবুল, রেজাউল, হাফেজসহ আরও কয়েকজন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. নজরুল ইসলাম বলেন, কোনো অনিয়ম হয়নি। কার্যাদেশ অনুযায়ী খননকাজ সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে বিএডিসির জেলা নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, খাল খননে অনিয়মের কোনো অভিযোগ তিনি পাননি। তবে শিডিউল অনুযায়ী কাজ হওয়ার কথা। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।