বাউফলে গৃহবধূকে পিটিয়ে হাত ভেঙে দিলেন শ্বশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে সীমা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে। স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় গতকাল সোমবার ওই গৃহবধূর বাবা বাদী হয়ে তাঁর শ্বশুরের বিরুদ্ধে বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাত বছর আগে উপজেলার দাশপাড়া গ্রামের মো. সোহরাব হোসেনের মেয়ে সীমা আক্তারের সঙ্গে একই উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে রিপন হাওলাদারের (৩২) বিয়ে হয়। রিপন ঢাকার কেরানীগঞ্জে ব্যবসা করেন।
সীমা আক্তার অভিযোগ করেন, শ্বশুর গোলাম মোস্তফা বিভিন্ন সময় তাঁকে অনৈতিক প্রস্তাব দিত। ইজ্জতের ভয়ে তিনি বিষয়টি কাউকে বলেননি। কিন্তু বিষয়টি এমন পর্যায়ে পৌঁছায়, যা তিনি স্বামীকে বলতে বাধ্য হন। এ নিয়ে রোববার তাঁর স্বামী ও শ্বশুরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁর শ্বশুর তাঁকে এলোপাতাড়ি পেটান এবং এতে তাঁর ডান হাত ভেঙে যায়।
রিপন সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর বাবার অনৈতিক প্রস্তাবের কথা বলে দেওয়ায় তাঁর স্ত্রীকে মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে এবং তাঁকে তালাক দিতে বলা হচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন গোলাম মোস্তফা হাওলাদার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এ এস এম সায়েম বলেন, ‘সীমার ডান হাত ভেঙে গেছে।’