বাউফলে চাঁদার টাকা না পেয়ে স্কুলছাত্রকে পিটিয়ে জখম
বাবার কাছে দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস গ্রামে ছেলে আমিনুল ইসলাম ওরফে সাগরকে (১৪) পিটিয়ে জখম করা হয়েছে। আহত সাগরকে গত বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাগর উপজেলার বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সদর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সুমনের (২৫) নেতৃত্বে পাঁচ-ছয়জন তরুণ বৃহস্পতিবার দুপুরে সাগরকে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ।
গতকাল শুক্রবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় শুয়ে সাগর বলে, বৃহস্পতিবার বাড়ি থেকে পাশের গোসিঙ্গা গ্রামে তার ফুফুবাড়ি যাওয়ার পথে বেলা দুইটার দিকে চেয়ারম্যানবাড়ির কাছে পৌঁছালে সুমনের নেতৃত্বে পাঁচ-ছয়জন তার পথ রোধ করে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। একপর্যায়ে গলা টিপে ধরেন।
সাগরের বাবা গরু ব্যবসায়ী মো. শফিক শিকদার অভিযোগ করেন, কিছুদিন আগে ছাত্রলীগের নেতা সুমন তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তাঁর বড় ধরনের ক্ষতি হবে বলে হুমকি দেন সুমন। চাঁদা না পাওয়ার জেরেই সুমন তাঁর ছেলেকে মারধর করে আহত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহ আল সৌরভ বলেন, সাগরের শরীরের বিভিন্ন জায়গায় পেটানোর দাগ রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
ছাত্রলীগের নেতা মো. সুমন চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চুরির উদ্দেশ্যে তাঁর এক চাচার ঘরের দোতলায় লুকিয়ে ছিল সাগর। এ কারণে স্থানীয় লোকজন সাগরকে আটক করে মারধর করেছেন।’